জেনারেল রাইটিং - রাগের বশীভূত হয়ে সিদ্ধান্ত নেয়া ক্ষতিকর।

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, রাগের বশীভূত হয়ে সিদ্ধান্ত নেওয়া এবং এর ক্ষতিকর প্রভাব।


guy-40944_1280.png

Image by Clker-Free-Vector-Images from Pixabay

আমরা মানুষ, একটি আবেগপ্রবণ প্রাণী। নানাবিদ পারিপার্শ্বিক কারণে আমরা আবেগ তাড়িত হই। কখনো পারিবারিক কারণে, কখনো সামাজিক কারণে, কখনো চাপে পড়ে, কখনো সিদ্ধান্তহীনতায় পড়ে, কখনো রাগের বশীভূত হয়ে আমরা নানা রকমের সিদ্ধান্ত নেই। যখন আমাদের উপলব্ধি ফিরে আসে, তখন আমরা বুঝতে পারি সিদ্ধান্তটি সঠিক ছিল না।

বিশেষ করে, রাগে প্রভাবিত হয়ে যে সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি, সেগুলোর বেশিরভাগই ভুল বলে প্রতিয়মান হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। এ কারণে তিনি আমাদেরকে বারংবার সবর করার নির্দেশ দিয়েছিলেন। মহান আল্লাহও সবরকারী ব্যক্তিকে অনেক পছন্দ করে।

কিন্তু আমরা যখন রেগে যাই, তখন এই ধ্রুব সত্য কথাটি আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই, রাগ করে নয় বরং চিন্তা, পরামর্শ এবং সময় নিয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্তের দুই দিকেই ভাবতে হয়। এর ভালো দিক এবং খারাপ দিক; দুটি দিক নিয়ে পর্যালোচনা করার পরে একটি সিদ্ধান্তে উপনীত হতে হয়। ভালো দিক কি কি যেমন পর্যালোচনা দরকার আছে, তেমনি এর খারাপ দিকগুলো নিয়েও আলোচনা, পর্যালোচনার দরকার আছে। কোনটি আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলবে এসব ভাবার প্রয়োজন হয়।

কিন্তু আমরা সেসবের পরোয়া না করে, কেবলমাত্র রাগের বশীভূত হয়ে হুট করেই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই সিদ্ধান্তের ক্ষতিকর প্রভাব অনেক। একটা সময় আমাদের পস্তাতে হয়। কখনো কখনো এই সিদ্ধান্তের জল অনেক দূর গড়ায়। ক্ষতির পরিমাণও বেড়ে যায়। একটি ভুল সিদ্ধান্ত একটি জীবন, একটি পরিবার, একটি গ্রাম, একটি সমাজ, এমনকি একটি দেশের, একটি জাতির উপরও বিরূপ প্রভাব নিয়ে আসতে পারে। সিদ্ধান্ত যত বড়, তা নেওয়ার জন্য ততটুকু সময়, ততটুকু আলোচনা, ততটুকু চিন্তাভাবনা করা প্রয়োজন হয়।

তাই আমাদেরকে অবশ্যই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেঅবশ্যই, অবশ্যই সময় নিয়ে, চিন্তা করে, পরামর্শ এবং আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। আমাদের সব সময় এই বিষয়টি মাথায় রাখা উচিৎ।