দিবস: বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস।

সবাইকে শুভেচ্ছা,

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন। গতকাল বলেছিলাম,ঢাকায় প্রচন্ড গরম। আজও গরম। তবে আজ ভোরে প্রচন্ড ঝড়বৃষ্টি হয়েছে ঢাকায়। ঝড়ের তীব্রতায় অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জানমালের ক্ষয়ক্ষতির কোন সংবাদ পাওয়া যায়নি। এই সময়ের আবহাওয়া এমনি। এই রোদ,এই ঝড়বৃষ্টি! এই সময়ে চলাফেরায় সতর্কতার কোন বিকল্প নেই। বিশেষ করে ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষার উপায় গুলো আমাদের মাথায় রাখতে হবে। বন্ধুরা, আমার বাংলা ব্লগে আজ একটি দিবস নিয়ে জেনারেল রাইটিং শেয়ার করবো। আজকের জেনারেল রাইটিং এর বিষয় ' বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

20260517_211812.jpg

বছর ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। পৃথিবীর বিভিন্ন দেশ দিবসটি গুরুত্বের সাথে পালন করে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগের যুগ।এই বিষয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বরং এই বিষয়ে যার যত জানাশোনা, তার কদর সর্বত্র। দিবসটি মুলত: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সম্ভাবনা সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল বৈষম্য দূর করার লক্ষ্যে পালন করা হয়। ১৮৬৫ সালের ১৭ মে প্যারিসে আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন স্বাক্ষরিত হয় এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন গঠিত হয়ে কাজ শুরু করে। তখন এর এত ব্যপ্তি ও গুরুত্ব ছিলনা। প্রতিষ্টার প্রায় ১শত বছর পর ১৯৬৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।।, সর্বশেষ ২০০৬ সালে আন্তর্জাতিক আইসিটি সম্মেলনের পর থেকে আনুষ্ঠানিকভাবে একে 'বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস' হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ব্যাপকভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর পর থেকে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও প্রতিবছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের এবছরের প্রতিপাদ্য
"ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি"। দৈনন্দিন জীবনে ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং এর সম্ভাবনা সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বাড়ানো ও তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই দিবসের উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয় নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে দিবসটি উপলক্ষে বাংলাদেশে দু'দিনের মেলার আয়োজন করেছে। মেলাটি জনসাধারণের জন্য উন্মুক্ত। মেলার সময় সকাল ৯ টা থেকে বিকেল ৪টা।ঢাকার আগারগাঁও এর বিটিআরসি ভবনে। মেলা চলবে আগামীকাল পর্যন্ত। তবে মেলার সময় সন্ধ্যা পর্যন্ত হলে দর্শনার্থী অনেক বেশি হত। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস সফল হোক।

আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ রাত্রি।

ঢাকা-বাংলাদেশ।
১৭ মে, ২০২৬

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.