নববর্ষের দিনে আমাদের ঘুরতে যাওয়া

in Incredible India9 hours ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করার জন্য। কয়েকদিন আগেই বাংলা নববর্ষ শুরু হলো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বছর নববর্ষের দিনটিতে আমরা কেমন ভাবে কাটিয়েছিলাম সেই বিষয়টি।

1000423690.jpg
আমরা যেহেতু বাঙালি তাই নববর্ষের দিনটি আমাদের কাছে অনেক বেশি পছন্দের একটি দিন। আমরা ইংরেজি new year এর থেকে বাংলা নববর্ষ বেশি আনন্দের সঙ্গে সেলিব্রেট করি। সকাল থেকেই শুরু হয়ে যায় আমাদের সেলিব্রেশন। সকালবেলায় বেশিরভাগ মানুষই কোন মন্দিরে বা ঘরের দেবতাদের পুজো করে দিন শুরু করে থাকেন। আমিও নববর্ষের দিনে সকালবেলায় মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। সেই গল্প না হয় পরের পোস্টে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিকেল বেলার কিছু মুহূর্ত।

এই দিনে সকলেই নতুন জামা পড়ে হালখাতা করতে বের হয়। হালখাতা মানে হলো বাংলা বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের পুরনো খাতার হিসেব-নিকেশ মিটিয়ে নতুন খাতায় নতুন ভাবে হিসেব-নিকেশ শুরু করে। এই দিনে সকলের তাদের পরিচিত দোকানে গিয়ে পাওনা টাকা মিটিয়ে দেয় কিংবা কিছু অগ্রিম টাকা জমা দিয়ে আসে। আর দোকানদাররা মিষ্টির প্যাকেট তার কাস্টমারদের দিয়ে থাকে।

বিকেল বেলায় আমি আর আমার বর ঠিক করেছিলাম একটু বেরোবো। তাই আমি একটা নতুন শাড়ি পরেছিলাম। তারপর কাছাকাছি কয়েকটি দোকানে হালখাতা সেরে মিষ্টি প্যাকেট নিয়ে বাড়ি এসেছিলাম। তবে এখানেই শেষ নয়। বাড়িতে কিছুক্ষণ বসে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। রাস্তায় এক জায়গায় মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। যেখানে মোমো খাওয়ার জন্য গিয়েছিলাম ওইখানে বেশ ভালো মোমো বানায়। তাই আমরা মোমো খেলে ওইখান থেকেই খাই। আমরা অন্য দিন স্টিম মোমো খেলেও সেই দিন আমরা প্যান ফ্রায়েড মোমো খেয়েছিলাম। এক প্লেটে ৬ টা মোমো দিয়েছিল। দাম নিয়েছিল ৯০ টাকা মানে ১৬ স্টিম মতো।

1000423692.jpg
মোমো খেয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের শহরের একটি খুব বিখ্যাত রেস্টুরেন্টে যার নাম ' মাদার্স হাট'। সেখানে গিয়েই তো চক্ষু চড়ক গাছ। কারণ প্রচন্ড ভিড় ছিল। তাই আমরা প্রথমেই ঠিক করলাম কিছু ফটো তুলব। তারপর রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। সেইমতো আমি আর আমার বর মিলে কয়েকটা ফটো তুলছিলাম। খাওয়া দাওয়ার পরে আর ফটো তুলতে মন চায় না তাই আগে থেকেই ফটো তুলে নিয়ে ছিলাম। আর যেহেতু শাড়ি পরাই হয় না, তাই অনেকদিন পর শাড়ি পরে ফটো তুলতে বেশ ভালোই লাগছিল।

1000423694.jpg
তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করে ভিতরে ঢুকেছিলাম। আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমরা পিজ্জা খাব। তাই আমরা একটা আচারি চিকেন পিজ্জা অর্ডার দিয়েছিলাম। এটা আমাদের খুব পছন্দের একটা পিজ্জা। খেতে অসাধারণ লাগে। আর এই রেস্টুরেন্টের কোয়ান্টিটি যথেষ্ট ভালো তাই একটা পিজ্জা দুজন মিলে খেলে একদম পেট ভরে যায়। আমরা আগে এখানে এলে অনেক খাবার অর্ডার দিতাম তারপর আর খেতে পারতাম না। পরে সেগুলো প্যাক করে বাড়ি নিয়ে যেতে হতো। তাই আমরা কোনরকম রিস্ক নিলাম না। একটা পিজ্জাই শুধু অর্ডার দিয়েছিলাম।

1000423691.jpg

তারপর কিছুক্ষণ গল্প করার পর আমাদের পিজ্জা এলো। দুজন মিলে পিজ্জা খেয়ে আবার বাড়ি ফিরে এলাম। এই ভাবেই আমরা আমাদের নববর্ষের সন্ধ্যেটা কাটিয়েছিলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

TEAM 7

Congratulations! Your post has been upvoted from sc-09 account.

1000080942.png

Curated by : jimiaera02