Art Exhibition 2026
নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে আরও একটি নতুন গল্প শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।
প্রতিবছর আমাদের শহর কৃষ্ণনগরে বড়দিনের সময় অর্থাৎ ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্যাথিড্রাল চার্চে বিরাট মেলা আয়োজিত হয়। সাত দিনব্যাপী চলা মেলাকে থেকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে। শুধু যে খ্রিস্টানরাই এই মেলায় যায় তেমনটা নয়। জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই এই মেলায় একত্রিত হয়। তাই এই সাত দিন ধরে মেলায় প্রচুর মানুষের ভিড় জমে। এই বছরে মেলার অভিজ্ঞতা না হয় অন্য কোনো পোস্টে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মেলায় ক্যাথিড্রাল চার্চের প্রাঙ্গণে আয়োজিত আর্ট এক্সিবিশন এর কিছু ছবি। যেগুলো আমার ভীষণ ভালো লেগেছিল।

বেশ কয়েক বছর ধরে দেখছি বড়দিনের সময় এখানে আর্ট এক্সিবিশন এর আয়োজন করা হচ্ছে। গতবছরেও আমরা এই আর্ট এক্সিবিশনে গিয়েছিলাম। সেই সাথে আমার যে ছবিগুলো ভালো লেগেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তাই এই বছরও যখন সেখানে গিয়েছিলাম বেশ কিছু ছবি আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তবে বিভিন্ন কারণবশত সেগুলো আর শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি।
আর্ট এক্সিবিশন হলে ঢোকার মুখেই চোখে পড়েছিল একটা ইউনিক জিনিস। সেটা হল আঁকাবাঁকা কাঠের টুকরোর উপরে আঁকা বিভিন্ন আর্ট। সেগুলো এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছিল যে দেখে বোঝাই যাচ্ছিল না যে সেগুলো এক একটি কাঠের টুকরো। তাই এই ইউনিক আর্ট ফর্মটা সবার প্রথমে আমার মন কেড়ে ছিল। চলুন তাহলে আপনাদেরকেও সেই কাঠের টুকরার উপরে আঁকা ছবিগুলো দেখায়।
এরপর যে আর্ট ফর্ম টি আমার মন কেড়েছিল সেটি হল মধুবনী চিত্রকলা। এত সুন্দর করে এই মধুবনী পেইন্টিং টাকে ফুটিয়ে তোলা হয়েছিল যে তা ছবির সাহায্যে হয়তো আপনাদের সামনে আমি বোঝাতে পারবো না। এই মধুবনী চিত্রকলা আমার বরাবরই খুবই পছন্দের। যারা এঁকেছিল তারা কিন্তু সকলেই স্টুডেন্ট মানে খুব বড় নয়। তবুও তাদের চিত্রকলা গুলো কিন্তু কোন অংশে ছোটদের মতো নয়। এত সুন্দর নিখুঁত হাতের কাজ যে দেখলেই মনটা ভরে যায়।
এরপরে ছিল বেশ কিছু পোর্ট্রেট। সেগুলোও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। এত সুন্দর করে পেন্সিল দিয়ে ওরা মুখগুলোকে বাস্তবতার ছোঁয়া দিয়েছিল যে তা প্রশংসার দাবি রাখে। ধীরে ধীরে আর্ট এক্সিবিশন হলে বেশ ভিড় জমে গিয়েছিল। সকলেই নিজেদের ক্যামেরায় সেই সুন্দর ছবিগুলোকে বন্দি করে রাখছিল। আমিও বা পিছিয়ে থাকি কেন। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমিও আমার পছন্দ মত অনেক ছবি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।

এরপরে যে আর্ট ফর্মটি আপনাদের সাথে শেয়ার করব তার নাম আমার ঠিক জানা নেই। তবে সেগুলো আমার খুব ভালো লেগেছিল। বেশ অনেকক্ষণ ধরে সেগুলো আমরা সকলে মিলে পর্যবেক্ষণ করছিলাম। চারিদিকে এত সুন্দর সুন্দর ছবি ছিল যে কোনটা ছেড়ে কোনটা প্রশংসা করব সেটাই বুঝতে পারছিলাম না।

একদিনে এতগুলো ছবি আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হবেনা। তাই বাকি ছবিগুলো আপনাদের সাথে আমার পরবর্তী পোস্টে অবশ্যই শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

