"কখনো কখনো নির্জনতার মাঝেই আমি খুঁজে পাই আমার মানসিক শান্তি"

in Incredible India13 hours ago
IMG_20260224_210754.jpg
"এমন নির্জন জায়গায় যেতে মন চাইছে"

Hello,

Everyone,

আজ‌ ভোর রাতে হঠাৎ করে বৃষ্টির আওয়াজে ঘুম ভাঙলো। যদিও দুদিন আগে খবরের শুনেছিলাম বৃষ্টি হতে পারে, তবে তাতে বিশেষ পাত্তা দিইনি। কারণ গত কয়েকদিন যে পরিমাণে রোদ্দুর ছিলো, তাতে দূর দূরান্তে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিলো না। কিন্তু প্রকৃতির রুপ বদলের জন্য একটা মুহূর্তই যথেষ্ট, তা আরও একবার প্রমাণ হলো আজ সকালে ঝমঝমিয়ে আসা বৃষ্টির আওয়াজে।

সকাল থেকেই আকাশের মুখ ভার ছিলো। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন সাংসারিক সকল কাজ করলেও, কেমন যেন প্রকৃতির মতোই আজ মনের ভিতরটাও ভারাক্রান্ত ছিলো। গতকাল আমার জন্য একটা ভারাক্রান্ত দিন ছিলো। তবে আজকের দিনটাও কারোর না কারোর জন্য কঠিন, তা যেন প্রকৃতিও উপলব্ধি করতে পারছিলো।

গতকাল সারারাত কেমন যেন একটা অস্থিরতার মধ্যে কেটেছে। মাঝেমধ্যে এরকমটা আমার হয়। চারিদিক থেকে সবরকম হতাশা যেন একসাথে গ্রাস করতে চায়‌। আর তখন নিজেকে এতোটাই বিচলিত মনে হয় যে, কোনো নির্জন জায়গাতে চুপচাপ একা বসে থাকতে মন চায়। আশেপাশে লোকের উপস্থিতিও তখন আমার জন্য বিরক্তিকর হয়ে ওঠে। আজ সারাটা দিন ঠিক তেমনই কাটলো।

অথচ গতকালকের পোস্টেই আমি আপনাদেরকে বলেছি নিজের প্রিয় মানুষগুলোকে সবসময় আগলে রাখার জন্য। কারণ তাদের ছেড়ে যাওয়া আমাদেরকে অনেক গভীর কষ্ট দেয়। সত্যিই এটা আমি গতকাল অনুভব করেছিলাম। অথচ আজ সেই অনুভূতির মধ্যে আবারও ভিন্নতা এসেছে। প্রিয় মানুষগুলোর ভালো থাকা এখনও আমার কাম্য, শুধু সকলের কাছ থেকে নিজেকে কিছু মুহূর্তের জন্য সরিয়ে নিতে চাই।

জীবনের বেশ কিছু ব্যক্তিগত অনুভূতি থাকে যেগুলো হয়তো আমরা কখনো কারো সাথে শেয়ার করে উঠতে পারি না। কথাগুলো শেয়ার করলেও নিজের অনুভূতিটা বুঝিয়ে ওঠাটা সম্ভব হয় না।

IMG_20260224_210716.jpg
"পাহাড়ের নির্জনতা বড্ড প্রিয়"

আমি জানিনা কেন যত বেশি বয়স বাড়ছে আমার এই উৎকন্ঠাও বেড়ে চলেছে প্রতিনিয়ত। আগে মনে হতো হয়তো সময়ের সাথে সাথে বেশ কিছু জিনিস পরিবর্তন হবে। তবে আজকাল যখনই রাতে শুতে যাই মনেহয় জীবন থেকে আরও একটা দিন চলে গেলো, অথচ নিজে ভালো থাকার জন্য কিছুই করে উঠতে পারলাম না।

এভাবেই হঠাৎ একদিন হয়তো আমার জীবন থেমে যাবে, বহু অপূরনীয় ইচ্ছে মনে রয়ে যাবে। একই জীবনের সবার সব ইচ্ছে পূরণ হয় না এটা সত্যি, কিন্তু আমি বোধহয় আমার জীবনের অনেক সময় শুধু অন্যের ভালোর কথা ভেবেই কাটিয়ে দিয়েছি, যারা আমার ভালো থাকা সম্পর্কে বিন্দুমাত্র বিচলিত হয়নি।

কখনো কখনো এই কাজগুলো করার পরে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়েছি, আবার কখনো কখনো নিজের উপরে বিরক্ত হয়ে ভেবেছি আর কখনো কারো জন্য কিছুই করবো না। কিন্তু একথা সত্যি, সময় আসলে কিছু না করে থাকতে পারিনি। অথচ সেই মানুষগুলো যখন কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায়, তখন মনের মধ্যে ক্ষোভের‌‌ সৃষ্টি হয় একথা অস্বীকার করবো না।

সব থেকে বেশি তখন খারাপ লাগে যাদেরকে নিজের কাছের মানুষ ভেবে আগলে রাখার চেষ্টা করি, তারাই যখন আমাকে তাদের কাছের মানুষের তালিকাভুক্ত করে না। সত্যি বলতে কে আমাদের কাছের মানুষ সেটা কিন্তু তাদের ব্যবহারের মাধ্যমেই প্রকাশ পায়, তা আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন হয় না।

তবে কিছু স্বার্থপর মানুষ আমাদের প্রত্যেকের জীবনে আছে, যারা প্রয়োজনের সময় আমাদেরকে ভীষণ আপন করে নেয়। আবার স্বার্থ ফুরিয়ে গেলে অনায়াসেই এড়িয়ে চলতে পারে। কখনো কখনো তাদেরকে দেখে বিরক্ত হলেও, কখনো কখনো মনে হয় বোধহয় আজকের দিনে তারাই সঠিক মানুষ।

আর নিজে সেই সঠিক মানুষের তালিকাভুক্ত হতে না পারার কারণেই বোধহয় অনেক খারাপ লাগা, অনেক কষ্ট, মনের মধ্যে চেপে নিয়ে মানসিক কষ্ট পাচ্ছি, যেটার আসলে কোনো মানেই হয় না। কারণ পাশের মানুষগুলো সেই মানসিক কষ্টের কোন মূল্যায়ন করতে পারে না। তাদের কাছে একমাত্র শারীরিক কষ্ট মূল্য পায় যা দৃশ্যময়।

তবে আমার মনে হয় শারীরিক কষ্ট‌ ওষুধের দ্বারা নির্মূল করা সম্ভব হলেও, মানসিক কষ্ট নির্মূল কিন্তু কখনোই ওষুধের দ্বারা হয় না। তার জন্য নিজের অনুভূতির মূল্যায়ন হওয়া সব থেকে বেশি জরুরী। আর সেটাই জীবনে খুব কম মানুষের কাছ থেকে পেয়েছি। এই কারণেই বোধহয় মানসিক দিক থেকে বহু মানুষের থেকে আজ দুরত্ব তৈরি করে নিতে বাধ্য হয়েছি।

যাইহোক সকলের জীবনে মানসিক শান্তি আসুক এই কামনা‌‌ করি। কারণ আজকের দুনিয়ায় এটাই বোধহয় জীবনের সব থেকে বড় প্রাপ্তি। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.046
BTC 65432.11
ETH 1907.10
USDT 1.00
SBD 0.49