আবেগের কবিতা || প্রেমের নীল সীমানা

in আমার বাংলা ব্লগ12 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো এবং সুস্থতা ধরে রাখার চেষ্টা করছি। সময়ের সাথে সাথে যদিও হৃদয়ের চঞ্চলতা নির্জীব হয়ে যাচ্ছে, একটা অস্থিরতা হৃদয়ের আকাশে দিন শেষে ভেসে উঠছে। কারণ কাছের মানুষগুলোর হঠাৎ পরিবর্তন এবং স্বার্থচারিতার ভিন্ন আচরণ, খুব নির্মমভাবে হৃদয়ে আঘাত করে। তাই চাইলেও তখন হৃদয়ের চঞ্চলতা ধরে রাখা সহজ হয় না। সত্যি সময়ের সাথে সাথে আমাদের সম্পর্কগুলো কেমন জানি বিবর্ণ হয়ে যাচ্ছে।

আবেগের সাথে সেই চঞ্চলতা কিংবা ব্যাকুলতা এখন আর ফুটে উঠছে না, সম্পর্কগুলো হয়তো ঠিক আগের মতোই রয়েছে কিন্তু পরিবর্তন হয়ে গেছে ভেতরের সেই আকাংখা। স্পন্দনের সেই অস্থিরতা, স্পর্শের সেই ব্যাকুলতা, ছন্দের যাদুমাখা সেই শব্দমালা, সব কিছুই আগের মতো রয়েছে কিন্তু পাল্টে গেছে শুধু আমাদের নির্মল মানসিকতা। তবুও সব কিছু ছাপিয়ে হৃদয়ের আকাংখাগুলোকে একটু কাব্যিকভাবে ভালোবাসার স্পন্দন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের এই কবিতায়, আশা করছি ভালো লাগবে-

noname_13-san-francisco-1893985.jpg

তুমি চাইলেই আমি হব
আকাশের বিশাল সীমানা,
গাংচিল হয়ে তুমি খুঁজে নেবে
সেথায় সুখের ঠিকানা।

তুমি চাইলেই আমি হব
বিশাল নদের নীল জলরাশি,
তুমি বায়ু হয়ে প্রশান্তি ছড়াবে
নদীর সীমানায় দিবানিশি।

তুমি চাইলেই আমি রব
মুগ্ধতার চঞ্চলতায় ব্যাকুল,
তুমি কামনার স্পন্দনে করবে
আমায় অস্থিরতায় আকুল।

তুমি চাইলেই আমি হব
কবিতার ছন্দ মাখা খাতা,
তুমি কবিতার রানী হয়ে
ছড়াবে প্রেমের বার্তা।

তুমি চাইলেই আমি হব
গল্পের শেষ কিরণ,
তুমি পূর্ণিমার চাঁদ হয়ে
আলোকিত রাখবে এ জীবন।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png