পুরনো দিনের খেলনা

ChatGPT Image Apr 4, 2026, 12_11_42 PM.png

Image Created by OpenAI

শৈশব মানেই খেলনা, আর সেই খেলনার সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্মৃতি, আনন্দ আর আবেগ। আজকের আধুনিক ডিজিটাল যুগে যেখানে মোবাইল গেম আর ইলেকট্রনিক খেলনা শিশুদের মন জয় করে নিয়েছে, সেখানে একসময় গ্রামবাংলার অলিগলি জুড়ে ছিল হাতে বানানো খেলনার এক অনন্য জগৎ। পুরনো দিনের খেলনা তৈরির শিল্প শুধু বিনোদনের মাধ্যম ছিল না, বরং ছিল এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। গ্রাম বাংলায় একসময় মাটির খেলনা, কাঠের পুতুল, বাঁশের গাড়ি কিংবা কাপড়ের পুতুল ছিল খুবই জনপ্রিয়। গ্রামের কারিগররা অত্যন্ত যত্ন আর দক্ষতার সঙ্গে এই খেলনাগুলো তৈরি করত। এই খেলনাগুলো শুধু খেলনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এগুলোর মাধ্যমে গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরতো।

এই খেলনা গুলোর পেছনে ছিল একদল দক্ষ কারিগরের শ্রম আর শিল্পীসত্তা। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছিল। একটি মাটির পুতুল তৈরি করতে প্রথমে মাটি প্রস্তুত করা, তারপর সেটিকে আকার দেওয়া, শুকানো, পোড়ানো এবং শেষে রঙ করা- এই পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত সময় সাপেক্ষ। একইভাবে কাঠের খেলনা তৈরিতেও প্রয়োজন হতো নিখুঁত কারু কাজ। পুরনো দিনের খেলনাগুলোর আরেকটি বড় বৈশিষ্ট্য ছিল- এগুলো মাটি, কাঠ, বাঁশ, কাপড় দিয়ে তৈরী হতো। আর এই সবই ছিল প্রাকৃতিক উপাদান। ফলে এগুলো পরিবেশের কোনো ক্ষতি করতো না। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এই শিল্প আজ প্রায় বিলুপ্তির পথে।