অতিরিক্ত আশা কষ্ট বাড়ায়
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
অতিরিক্ত আশা আসলেই কষ্ট বাড়িয়ে দেয়। আশা থাকা ভালো, কারণ এটা মানুষকে বাঁচিয়ে রাখে, চেষ্টা করার প্রেরণা দেয়। কিন্তু যখন আশা প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটাই সমস্যা তৈরি করে। কারণ আপনি যত বেশি আশা করবেন, তত বেশি নিজের মনকে নির্দিষ্ট একটা ফলাফলের জন্য প্রস্তুত করে ফেলবেন। আর সেটা না ঘটলে মন ভেঙে যাবে, কষ্ট হবে, হতাশা বাড়বে।অনেক সময় আমরা মানুষকে, সম্পর্ককে বা পরিস্থিতিকে নিজের মতো করে ভাবি যেনো সব কিছু আমাদের ইচ্ছামতো চলবে। কিন্তু বাস্তবতা অনেক সময় অন্যরকম হয়। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, আর তখন অতিরিক্ত আশা ভীষণভাবে আঘাত করে। এতে শুধু অন্যের উপর নয়, নিজের উপরও রাগ তৈরি হয় কেনো আমি এতটা ভেবেছিলাম, কেন এত বিশ্বাস করেছিলাম।
অতিরিক্ত আশা মানে আসলে নিজের মনে এক ধরনের ছবি তৈরি করা, যা বাস্তবতার সাথে না মিললেই কষ্ট তৈরি হয়। এই কষ্ট অনেক সময় এতটাই গভীর হয় যে মানুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। অনেকেই তখন মনে করে, জীবনে কিছুই ঠিক হচ্ছে না, কেউ বুঝছে না। অথচ সমস্যা অনেক সময় অন্যদের মধ্যে নয়, আমাদের প্রত্যাশার উচ্চতায়।তাই নিজের মনের শান্তির জন্য আশা রাখা উচিত সীমিত মাত্রায়। মানে, ভালো কিছু হবে এই বিশ্বাস রাখা, কিন্তু সাথে সাথে খারাপ হওয়ার সম্ভাবনাও মাথায় রাখা। তাতে করে ফলাফল যাই হোক না কেন, কষ্ট কম হবে।

