সুখী হওয়ার জন্য সবসময় প্রমাণ দেখাতে হয়!
আপনি খেয়াল করলে দেখবেন মানুষ এখন হাসি মুখেও সন্দেহ খুঁজে পায়। আপনি যদি কারো সামনে নিজের ভালো থাকা একটু দেখান, তাহলে সেটা নিয়ে অনেকের সমস্যা শুরু হয়ে যায়। কেউ ভাবে আপনি বুঝি দেখানোর জন্য ভালো আছেন, কেউ ভাবে আপনি বানিয়ে হাসছেন। অনেক সময় মনে হয় নিজের ভালো থাকা যেনো অন্যদের কাছে একটা অপরাধ। শুধু ভালো থাকলেই হবে না, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে, চারপাশে মানুষকে বুঝিয়ে দিতে হবে যে আপনি ভালো আছেন। না হলে ধরে নেয় আপনার জীবনে সমস্যা আছে।
সবচেয়ে বড় ব্যাপার হলো, এখন আপনি যদি কারো সামনে দুঃখ প্রকাশ করেন, মানুষ বলবে আপনি নেতিবাচক। আর আপনি যদি হাসিমুখে থাকেন, সবাই বলবে অভিনয় করছেন। মাঝে মাঝে মনে হয় ভালো থাকলেও অন্যকে বুঝিয়ে দিতে হয় সুখী হওয়া মানে সত্যিকারের ভালো থাকা না, বরং সেটা এখন দেখানোর একটা জিনিস হয়ে গেছে।
আর একটা জিনিস আমি খুব পরিষ্কারভাবে দেখি, আমাদের অনেকেই এখন এই দেখানোর সুখে আটকে গেছি। ফেসবুক বা ইনস্টাগ্রামে একটা ভালো ছবি দিলেই মনে হয় জীবন বুঝি ভালো। কিন্তু বাস্তবে সেই মানুষটাই হয়তো অনেক সমস্যার মধ্যে আছে। এখন মানুষ দেখিয়ে সুখী হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। যার ফলে আসল সুখ বলে কিছু নেই, শুধু প্রমাণের সুখ থেকে যাচ্ছে।
সুখটা যদি সত্যিকারের হত তাহলে অন্যকে দেখানোর এত চিন্তা করার দরকার হতো না। কিন্তু এখন সেটাই সবচেয়ে কঠিন ব্যাপার হয়ে গেছে। ভালো থাকলেও সেটা প্রমাণ করতে হয়, আর না থাকলেও দেখাতে হয় ভালো আছি। এই কারণেই হয়তো এখন সুখী হওয়ার মানেই হয়ে গেছে, প্রমাণ করতে হবে আমি ভালো আছি।

