বিশ্বাস!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি পার্সোনালি মনে করি আসলে যে বিশ্বাস একটা সম্পর্কের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।দুই জন মানুষের মধ্যে যতো ভালোবাসাই থাকুক বা যতো বছরের সম্পর্কই হোক বা বিশ্বাস না থাকলে সেই সম্পর্কটা একটা সময় খুব কঠিন হয়ে যায় আর সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে একবার কারো ওপর থেকে বিশ্বাস উঠে গেলে সেটা আবার আগের জায়গায় ফিরিয়ে আনা খুব সহজ হয় না।আর আমার মনে হয়, কি যে বিশ্বাস তৈরি হতে অনেক সময় লাগে।মানে একজন মানুষকে বারবার ভালোভাবে বুঝতে হয়,তার কথা আর কাজের মধ্যে মিল দেখতে হয়,তার ওপর ভরসা করার মতো অনেক অভিজ্ঞতা তৈরি হয়।ছোট ছোট অনেক ঘটনা মিলেই একটা মানুষের প্রতি বিশ্বাস তৈরি হয়।কিন্তু সেই বিশ্বাস নষ্ট হতে অনেক সময় একটা ঘটনাই যথেষ্ট হয়ে যায়।
আর কেউ একটা মিথ্যা বললো বা কোনো কথা লুকালো বা দেওয়া কথা রাখল না বা ধরেন এমন কিছু করল যেটা বিশ্বাসের জায়গাটাকে নষ্ট করে দিলো।তখন শুধু সেই একটা ঘটনাই মনে থাকে না যে আগের অনেক কথাও নতুন করে সন্দেহের মধ্যে চলে আসে। তখন মানুষ ভাবতে শুরু করে,এতোদিন যা শুনেছি সেগুলোর কতটুকু ঠিক ছিলো।আর এখান থেকেই সম্পর্কের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়।মানে আগে যেখানে কোনো কিছু নিয়ে প্রশ্ন করার দরকার হতো না সেখানে পরে ছোট একটা বিষয়ও সন্দেহ তৈরি করতে পারে।আর একটা সাধারণ কথাও মনে হতে পারে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। আগে যেটা সহজভাবে গ্রহণ করা হতো।পরে সেটাই বারবার যাচাই করতে ইচ্ছে করে।
সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে কি যে মানুষটা বিশ্বাস হারিয়েছে সে হয়তো পরে সত্যিই পরিবর্তন হতে চায়।সে হয়তো নিজের ভুল বুঝতে পারে,ক্ষমা চাইতে পারে বা আগের মতো সম্পর্কটা ঠিক করতে চাইতে পারে।কিন্তু অন্য পাশের মানুষটার মনে তখন একটা ভয় থেকে যায়।আবার যদি একই ঘটনা ঘটে?আবার যদি আগের মতো কষ্ট পাই?আর এই ভয়টা একদিনে দূর হয় না।শুধু মুখে সরি বললেই বিশ্বাস ফিরে আসে না।বিশ্বাস ফিরিয়ে আনতে সময় লাগে,ধারাবাহিকভাবে ভালো আচরণ করতে হয় আর কথা আর কাজের মধ্যেও মিল রাখতে হয় আরকি।কারণ বারবার প্রমাণ করতে হয় যে আগের ভুলটা আর হবে না।কিন্তু এটাও ঠিক যে সব বিশ্বাস ভেঙে যাওয়ার পর আগের জায়গায় ফিরতে হবে এমন কোনো নিয়ম নেই।কিছু কিছু ঘটনায় মানুষ ক্ষমা করলেও আগের মতো সম্পর্ক রাখতে পারে না।কারণ ক্ষমা করা আর আগের মতো বিশ্বাস করা এক বিষয় না।
আর সম্পর্কের মধ্যে তাই বিশ্বাসের জায়গাটাকে খুব যত্ন করে রাখা দরকার।কারণ বিশ্বাস পাওয়া একটা সৌভাগ্যের বিষয়।কিন্তু সেই বিশ্বাস ধরে রাখাটা দায়িত্বের বিষয়।আর এমন কিছু করা উচিত না যেটার কারণে একজন মানুষ আমাদের নিয়ে বারবার সন্দেহ করতে শুরু করে।আর যদি কোনো কারণে বিশ্বাস নষ্ট হয়।তাহলে শুধু সম্পর্কটা আগের মতো করার ইচ্ছা থাকলেই হবে না।নিজের আচরণের মধ্য দিয়ে সেটা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।সময় দিতে হবে আর অন্য মানুষটার ভয় আর কষ্টকে ও তো বুঝতে হবে।কারণ বিশ্বাস একবার উঠে গেলে সবকিছু ঠিক করতে অনেক বেশি পরিশ্রম লাগে।আগের মতো স্বাভাবিক হতে সময় লাগে,ধৈর্য লাগে এবং সবচেয়ে বেশি লাগে ধারাবাহিকতা।তাই আমার মনে হয় কি কোনো সম্পর্কের মধ্যে ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিশ্বাসটাকেও খুব যত্নে রাখা দরকার।কারণ একটা সম্পর্ক হারানোর পর অনেক কিছু ফিরিয়ে আনা সম্ভব হলেও ভেঙে যাওয়া বিশ্বাসটা আগের জায়গায় ফিরিয়ে আনা আসলেই অনেক কঠিন।

