অভিমান জমতে জমতেই সম্পর্ক দূরে সরে যায়
অভিমান যত জমে, মন তত ভারী হয়। একটা সময়ে গিয়ে সেই অভিমান আর ভালোবাসার ভাষা হয়ে উঠে না, বরং দূরত্ব তৈরি করে। অথচ দুজনেই একসময় কত কাছের ছিল। একসঙ্গে না থাকলে চলতো না, সারাদিনে একবার কথা না বললে মন খারাপ হতো। আর এখন? একে অপরের লাইফে থেকেও যেন নেই।এই দূরত্বের শুরুটা কখন হয়েছে, সেটা বোঝা যায় না। কিন্তু শেষটা যখন আসে, তখন খুব চুপচাপ এক বিষণ্ণতা ঘিরে ধরে। তখন মনে হয়,ইশ! যদি আগেই বলতাম, যদি আগেই শুনে নিতাম, যদি একটু মানিয়ে চলতাম হয়তো সম্পর্কটা এত দূরে যেত না।
সবচেয়ে কষ্টের জায়গাটা হলো, এখনো ভালোবাসা আছে। অভিমানটা তাই এত গভীর। কারণ কেউ গুরুত্ব না দিলে, কারো থেকে কিছু আশা না থাকলে তো কষ্টও হতো না। এই অভিমানটাই প্রমাণ করে, এখনও অনেক কিছু অনুভব করি। তবুও মুখে কিছু বলা হয় না। অপেক্ষা চলে, মন ভেঙে যায়, কিন্তু সম্পর্ক আর আগের মতো থাকে না।এভাবেই, না বলা কথা, জমে থাকা অভিমান আর একরাশ নিরবতা একটা সম্পর্ককে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যায়, যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। অথচ একটু বোঝা, একটু কথা, একটু সাহস এইটুকুই হয়তো সেই অভিমানকে ভালোবাসায় বদলে দিত।তাই কখনো কখনো, চুপ না থেকে বলা দরকার তোমার অভিমানটা বুঝি,তুমি কাছে এসো। কারণ অনেক ভালোবাসা টিকে থাকতে পারত, যদি সেই অভিমানগুলো একটু আগেই ভাঙা যেত।

