মটরশুঁটির কচুরি রেসিপি (ভিডিও লিংক)
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
শীতকালে সমস্ত সবজিদের মধ্যে অন্যতম হলো মটরশুঁটি। অনেকে আবার কড়াই শুঁটি বলে ও চেনে। যে যা নামে ডাকতে পছন্দ করে তবে আমরা ছোট থেকেই মটরশুঁটি নামে চিনি।আমরা মটরশুঁটি প্রায়ই সমস্ত তরকারিতে ব্যবহার করি। কিন্তু সবথেকে সুস্বাদু হলো শীতকালীন মটরশুঁটি দিয়ে মটরশুঁটির কচুরি বানানো ভীষন সুস্বাদু একটি রেসিপি। শীতকালে আমার মনে হয় এই রেসিপিটা সকলেই বাড়িতে একবার হলেও বানায়। আমি তো সমস্ত তরকারীতে মটরশুঁটি ব্যবহার করি। এমনকি মটরশুঁটি কাঁচা অবস্থাতেও খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে শীতের প্রথমদিকে মটশুঁটির দাম অনেক টাই বেশি থাকে। আর শীতের শেষের দিকে মটরশুঁটি যেমন শেষ হয়ে আসে তখন দামটা অনেকটাই কম থাকে। এই সময় প্রায় কেজি খানেক মটরশুঁটি নিয়ে বাড়িতে বানিয়ে ফেলেছিলাম মটরশুঁটির কচুরি। বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো।
ভিডিও লিংক
একেবারে ঝটপট ভাবে তৈরি হয়ে যায় মটরশুঁটির কচুরি ।তবে পদ্ধতি অনেক রকমই রয়েছে। আমি যে পদ্ধতিতে বানিয়েছিলাম সেই পদ্ধতি আপনাদের মাঝে আজকে শেয়ার করে নেব। আশা করি সকলেরই ভালো লাগবে। বেশ কিছুদিন পর আবারও নতুন একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। আমাদের বাড়িতে তো সকলেই খেতে ভীষণ পছন্দ করে। গরম গরম মটরশুঁটির কচুরির সাথে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে ।তবে এই রেসিপিটা আমি অনেকদিন আগেই বানিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করে উঠতে পারিনি। সেদিন মটরশুঁটির কচুরির সাথে আলুর দমও বানিয়েছিলাম ।আলুর দম রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করা হয়ে গেছে। আজকে শেয়ার করছি মটরশুঁটির কচুরি বানানো পদ্ধতি ।
চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি:-
| নং | সামগ্রী | পরিমাণ |
|---|---|---|
| ১ | মটরশুঁটি | পরিমাণ মতো |
| ২ | কাঁচা লঙ্কা | ৪ টে |
| ৩ | ধনে পাতা | সামান্য |
| ৪ | আদা | সামান্য |
| ৫ | সরিষার তেল | সামান্য |
| ৬ | সাদা ময়দা | পরিমাণ মতো |
| ৭ | চিনি | সামান্য |
| ৮ | লবণ | পরিমাণ মতো |
| ৯ | সাদা তেল | পরিমাণ মতো |
প্রথম ধাপ
প্রথমেই আমি পরিমাণমতো মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ।আপনারা আপনাদের পরিমাণ মতো মটরশুঁটি নিয়ে নেবেন। এরপর মটরশুঁটি গুলো পেসার কুকারে একটু জল আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
দ্বিতীয় ধাপ
সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে ঢেলে জল ঝরিয়ে নিতে হবে। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন মিকচার গ্রাইন্ডারে সিদ্ধ মটরশুঁটি গুলো দিতে হবে পেস্ট করবার জন্য ।এর মধ্যে এড করতে হবে কাঁচা লঙ্কা সামান্য আদা কুচি আর ধনেপাতা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার জন্য আমি জল ব্যবহার করিনি।
তৃতীয় ধাপ
এদিকে পেস্ট করা হয়ে গেলে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছিলাম।তেল গরম হলে তেলের মধ্যে পেস্ট করে রাখা মটরশুঁটির পেস্ট ভালো করে নেড়ে চেড়ে যখন জল শুকনো হয়ে আসবে তখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এটা হল পুর। মানে লুচির ভিতরে দেওয়ার জন্য পুর রেডি করা হলো ।
চতুর্থ ধাপ
এবারে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছিলাম ময়দা মাখার জন্য প্রথমে একটু সাদা তেল, লবণ, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ৩০ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে।
পঞ্চম ধাপ
এরপর ৩০ মিনিট পর ময়দাটা ভালো করে লেচি করে নিতে হবে। লেচি করে নেওয়ার পর হাতের সাহায্যে লেচি গুলো হাতের সাহায্যে একটু বাটির মতো করে নিতে যাতে পুর দিতে সুবিধা হয়। এবারে মটরশুঁটির পুর ময়দার লেচির ভিতর ঢুকিয়ে আবারো গোল করে নিয়ে লুচির মতো করে বেলে নিতে হবে। আমি লুচি গুলো ময়দা দিয়ে বেলে ছিলাম ।আপনারা চাইলে সাদা তেল দিয়েও বেলতে পারেন। তবে খুব সাবধানে বলতে হবে নয়তো লুচির ভিতর থেকে পুর বেরিয়ে যেতে পারে।
ষষ্ঠ ধাপ
সমস্ত লুচি বেলা হয়ে গেলে এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছিলাম লুচি ভাজার জন্য। এরপর একটা একটা করে লুচি গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে।
শেষ ধাপ
লুচির দুই পিঠ লাল করে ভালো করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম মটরশুঁটির কচুরি।
আপনারা চাইলেও এই পদ্ধতি বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানিয়ে সকলকে খাওয়াতে পারেন।খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এমনকি নরম তুলতুলে হয়েছিল সমস্ত লুচি গুলো। যারা মটরশুটি খেতে পছন্দ করে না। তারাও খুব সহজেই এইরকম মটরশুঁটির কচুরি খেয়ে নেবে, আমি বেশ অনেকগুলোই মটরশুঁটির কচুরি বানিয়েছিলাম। আপনারা সমস্ত উপকরণ আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। ভিডিও লিংক দেওয়া থাকলো। আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন। ভিডিও দেখলে আপনাদের এই পদ্ধতিটি বানাতে আরো সুবিধা হবে।
আজ এইখানেই শেষ করলাম। আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে ।সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।









Thank you 🙏