"মানসিক ক্লান্তিতে দিনযাপনের মাঝে একটু শান্তি খুঁজে পাওয়ার মুহূর্ত"
![]()
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে।
গত পরশুদিন অর্থাৎ সোমবারের লেখা পোস্টে আমি আপনাদের জানিয়েছিলাম সেই দিনটা আমার বেশ ভালো কেটেছিলো। কিন্তু কি ভাবে কাটিয়েছিলাম দিনটা, সে কথাই আজকে এই পোস্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি।
যারা আমাদের অ্যাডমিন ম্যামের পোস্ট পড়েছেন, তারা ইতিমধ্যে জেনে গেছেন সোমবার দিন আমি ম্যামের সাথেই দিনের বেশিরভাগ সময়টা কাটিয়েছিলাম। শ্বশুর মশাইয়ের শারীরিক অবস্থা নিয়ে বাড়ির সকলেই মানসিকভাবে বেশ চিন্তিত রয়েছি।তাই একটু পরিস্তাথিতি পরিবর্তন আবশ্যক হয়ে পড়েছিলো।
তাছাড়াও ম্যামের সাথে অনেকদিন যাবৎ একটা আউটিং এর প্ল্যান হচ্ছিলো। কিন্তু কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল হতে হতে অবশেষে গত সোমবার ফাইনালি আমরা দুজন একটু বাইরে বেরিয়ে ছিলাম।
![]()
|
|---|
বাড়ির দিকের কাজ মোটামুটি গুছিয়ে বেরোতে বেরোতে আমার প্রায় 11:30 টা বেজে গিয়েছিলো। তারপর ম্যামের ফ্ল্যাটে পৌঁছে দেখি ম্যামও রেডি হয়ে গেছে। তারপর দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম ওয়েস্ট সাইডের উদ্দেশ্যে।
আপনাদের মধ্যে অনেকেই জানেন ওয়েস্ট সাইড সম্পর্কে। তবে আমি প্রথমবার গিয়েছিলাম এই শপিংমলে। যদিও ম্যাম আগেই গিয়েছেন এবং সেখানকার অভিজ্ঞতা ম্যাম এর কাছ থেকে শোনার পরে আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম একবার যাবো। তবে দুঃখের বিষয় যে, আমরা যেসকল জিনিস কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম, সেগুলোই পাইনি।
![]()
|
|---|
সেখানকার কালেকশন অবশ্যই ভালো। তবে আমাদের প্রয়োজনীয় জিনিস সেদিন ছিলো না। তবে একটা ড্রেস এবং পারফিউম ম্যামের বেশ পছন্দ হয়েছিলো। কিন্তু অনেক সময় পছন্দ হলেও আমরা প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে বাধ্য হই। তাই পছন্দসই জিনিস গুলো সব সময় কেনা হয়ে ওঠে না। আমাদের ক্ষেত্রেও তেমনটাই হলো।
আমাদের প্ল্যান ছিলো আমরা বাইরে লাঞ্চ করবো। যদিও ভেবেছিলাম অন্য কোনো রেস্টুরেন্টে যাবো, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে রিস্ক নিতে আমরা দুজনের কেউই খুব একটা পছন্দ করি না। তাই পৌঁছে গেলাম মৌচাক রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকে বেশি মেনু কার্ড দেখার খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ অন্যান্য অনেক বিষয়ে আমাদের পছন্দ না মিললেও খাবারের ক্ষেত্রে পছন্দ বেশ মিলে যায়।
|
|---|
ক্রিস্পি চিলি বেবি কর্ন আমার কতখানি পছন্দ সেটা ম্যামের পোস্ট পড়ে হয়তো আপনারা জেনেছেন। এই দিনও কিন্তু ওটা খেতে দারুন হয়েছিলো এবং যেহেতু আমার সেটা বেশি পছন্দের, তাই ম্যাম আমাকেই বেশি দিয়েছিলেন। এরপর আমরা এক এক করে মিক্সড হাক্কা নুডুলস ও তার সাথে চিকেন স্টিম মোমো অর্ডার করেছিলাম।
![]()
|
|---|
আসলে মিক্সড ফ্রায়েড রাইস ও চিলি চিকেন অর্ডার করার ইচ্ছে ছিলো। আমরা সাধারণত খেতে গেলে এটা অর্ডার করেই থাকি। তবে ক্রিস্পি চিলি বেবি কর্ন পরিমাণে এতোটাই ছিল যে, সেগুলোর সাথে নুডুলস খাওয়ার পর ফ্রায়েড রাইস ও চিলি চিকেন খাওয়া আর সম্ভব ছিলো না। তাই ভাবলাম দুজনে মিলে একপ্লেট মোমো অর্ডার করে একবার টেস্ট করে দেখি।
![]()
|
|---|
![]()
|
|---|
তবে দুঃখের বিষয় মোমোটা আমাদের কারোর পছন্দ হলো না। তাই ভবিষ্যতে যদি কখনো আবার এই রেস্টুরেন্টে যাই, তবে এই স্টিম মোমো আর অর্ডার করবো না, এই বিষয়ে আমাদের দুজনেরই এক মতামত।
যাইহোক দুজনে মিলে সেখানে বসে বেশ কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে এবং নিজেদের পছন্দসই খাবার উপভোগ করার মধ্যে দিয়ে সুন্দর একটা সময় কাটালাম। হয়তো ওই মুহূর্তের জন্য আমাদের দুজনেরই আর অন্য কোনো বিষয় মাথায় ছিল না। সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিলো রিলায়েন্স শপিংমল।
![]()
|
|---|
সেখানে ঢুকে বিভিন্ন ড্রেস দেখার মাঝখানেই একটা ড্রেস আমার পছন্দ হলো। আসলে আপনাদের হয়তো মনেও থাকবে যখন মালদা থেকে আমার বৌদি এসেছিলো, তখন ওর সাথেও একবার শপিং করার জন্য বারাসাতে গিয়েছিলাম। সেদিনও এই ড্রেসটি আমার বেশ পছন্দ হয়েছিলো। তবে কোনো কারণবশত সেদিন নেওয়া হয়নি ঠিকই, তবে এদিন যখন ট্রায়াল রুমে ড্রেসটা ট্রায়াল দিলাম, ম্যাম বললো ভালোই লাগছে। তাই এদিন ড্রেসটা নিয়ে নিয়েছি।
![]()
|
|---|
এরপর আমরা গিয়েছিলাম স্মার্ট বাজার। যেখান থেকে আমরা হ্যান্ড মেড সাবান এবং ঠাকুরের পুজোর জন্য ধূপ কাঠি নেবো এটা আগে থেকেই ঠিক করা ছিলো। আসলে এই হ্যান্ড মেড সাবানগুলো ম্যাম অনেকদিন আগে থেকেই ব্যবহার করেন। নিজের জন্য কেনা সাবান থেকে তিনি আমাকেও একটা সাবান ব্যবহারের জন্য দিয়েছিলেন। যেটা ব্যবহার করে খুব ভালো লেগেছে। তাই পরবর্তীতে একসাথে বেরোলে আমরা আবার এই সাবান কিনবো এটা ডিসাইড করেছিলাম।
![]()
|
|---|
যদিও চন্দন এবং রোজ এই সাবান দুটো ভালো, এ বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম। কারণ এর মধ্যে থেকে একটা সাবান আমি ব্যবহার করেছি এবং অন্যটি ম্যাম ব্যবহার করেছেন। কিন্তু অ্যালোভেরা সাবানটা আমাদের দুজনের মধ্যে কারোরই ব্যবহার করা হয়ে ওঠেনি।
কিন্তু যেহেতু অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য খুবই ভালো, তাই ম্যাম না নিলেও আমি একটা অ্যালোভেরা সাবান নিয়েছিলাম। এটা ব্যবহার করার পরে বুঝতে পারবো, আদেও অন্য দুটো তুলনায় সেটা কতটা ভালো। এরসাথে আমি নিয়েছিলাম টুথপেস্ট।
|
|---|
এই কাঁচের শিশি গুলো এয়ারটাইট। এর মধ্যে কোনো জিনিস রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। বিশেষ করে মশলা রাখার জন্য এই শিশিগুলো খুবই সুন্দর। ম্যাম যদিও নিজেই ব্যবহার করার জন্য নিয়েছেন। তবে আমি মূলত আমার দিদির জন্য নিয়েছি। ও একবার আমাকে বলেছিল যাতে ওর জন্য নিয়ে যাই। আমি পাঁচটা শিশি কিনেছি। একটা আমি আমার প্রয়োজনে ব্যবহার করলেও, বাকি চারটে আমি দিদির জন্যেই রেখেছি।
যাইহোক সেখান থেকে বেরিয়ে আমরা অটো ধরে আমাদের মন্তব্যে পৌঁছলাম। আর সেখান থেকে হাঁটা পথে পৌঁছলাম স্টেশনে। কারণ আমাকে আবার বাড়ি ফেরার ট্রেন ধরতে হবে। অনেকবার বারণ করা সত্ত্বেও ম্যাম সেদিন স্টেশন পর্যন্ত ছাড়তে এসেছিলেন আমাকে। স্টেশন থেকে দুজন দুজনের গন্তব্যে রওনা করলাম।
![]()
|
|---|
এই জায়গাটায় আমার বেশ খারাপ লাগে। ভালো মুহূর্তগুলো দ্রুত শেষ হয়ে যায়। আবার আমাদেরকে ফিরতে হয় নিজের সেই বন্দী জীবনে। তবে এটাই বাস্তবতা যা অস্বীকার করার উপায় নেই। সময় মতো ট্রেন ধরে স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে নিজের জন্য কয়েকটি প্রয়োজনীয় জিনিস মুদিখানার দোকান থেকে কিনে নিয়েছিলাম।আর তার সাথে কিনেছিলাম একটা হেনার প্যাকেটও।
তারপর আর কি! বাড়িতে ফিরে যথারীতি নিজের সেই একই রুটিনে দিনযাপন শুরু হয়েছে। আর এমন ভাবেই বর্তমান সময়টা কাটছে। পরবর্তীতে আবার কখন এই রকম সুযোগ আসবে জানি না। তবে নিজেকে ভালো রাখতে গেলে মাঝেমধ্যে এমন ছোট্ট আউটিং প্ল্যান করতে হবে। নিজেকে ভালো রাখার জন্য এইটুকু করা বোধ হয় সকলেরই উচিত।
যাইহোক সোমবারে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ পোস্ট পড়ে আপনাদের কেমন লাগলো, তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।














Thank you for your support 🙏.