"শুধু ফলের নয়, রঙ বদল হয় মানুষেরও"
![]()
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।
আমরা সকলেই আমাদের জীবনে বহু কিছুর রঙ বদলাতে দেখেছি। সেটা সময়ের সাথে সাথে আমাদের জীবনে উপস্থিত আপনজনের চরিত্রের রং বদল হোক, কিংবা ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রঙ বদল।
ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রং বদলের পরিবর্তনগুলো আমাদের মনে ভালোলাগার অনুভূতি জাগায়। দেখবেন ভালো-মন্দ মিলিয়ে প্রতিটি ঋতুরই একটা আলাদা বিশেষত্ব আছে, যেগুলো একটা ঋতুর থেকে অন্য আরেকটা ঋতুকে আলাদা করে তোলে।
এতো গেল প্রকৃতির কথা। যদি মানুষের রঙ পরিবর্তনের কথা বলি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই পরিবর্তনগুলো আমাদের মনে আনন্দের থেকে খারাপ লাগার অনুভূতির জন্ম দেয় বেশি। আমরা যতই চেষ্টা করি না কেন, খুব কাছের মানুষকে সম্পূর্ণরূপে জেনে ওঠা কোনো মতেই সম্ভব হয় না।
তার থেকে বড় কথা হলো দূর থেকে মানুষকে দেখে তার সম্পর্কে যে ধারণা আমাদের মনে তৈরি হয়, সেটা যে কত বড় ভুল সেটা আমরা বুঝতে পারি যখন সেই মানুষটার সাথে আমরা প্রতিদিন থাকতে শুরু করি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম রয়েছে, তবে আমি কেবলমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখেই এই কথাটা বললাম।
সময়ের সাথে সাথে বোঝা যায় আদতেও একটা মানুষকে চিনতে হলে গোটা জীবন যথেষ্ট নয়। আর মানুষের রূপ বদল কতটা ভয়ংকর ও অবিশ্বাস্য হতে পারে, সেটা যারা কাছের মানুষদেরকে বদলে যেতে দেখেছে তারাই কেবলমাত্র বুঝতে পারবে।
কখনো কখনো প্রকৃতি যখন নিজের প্রতিশোধ নেয়, তখন তার রূপ ভয়ংকর হয়ে ওঠে। যার বলি হয় বহু মানুষের প্রাণ। তবে কাছের মানুষের রূপ পরিবর্তনের বলি হয়, উল্টো দিকে থাকা মানুষের বিশ্বাস, ভালোবাসা, ভরসা। সেটাও কিন্তু কম ভয়ংকর নয়। তবে বাইরে থেকে তা দেখে বুঝতে পারা যায় না, পার্থক্য শুধু এখানেই।
![]() |
|---|
যাইহোক যে রং বদলের কথা আমি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য আজকে পোস্ট লিখতে বসেছিলাম, তার কথাই এখনো উল্লেখ করা হলো না। অনেকদিন আগের একটা পোস্টে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ড্রাগন গাছে এই বছর প্রথম ফল এসেছে। যদিও বেশ কয়েক বছর আগে আমার শ্বশুরমশাই খুব আশা নিয়ে গাছগুলো লাগিয়েছিলেন।
তবে খারাপ লাগার বিষয় তিনিই গাছে ফল দেখে যেতে পারেননি। ফলগুলো আকারে খুব একটা বড় হয়নি, তবে গত কয়েকদিন ধরে তাদেরকে একটু একটু করে পরিবর্তন হতে দেখেছি। আজ বিকেল বেলায় ছবি তুলতে গিয়ে মনে হলো প্রকৃতির এই অনন্য সৃষ্টি কতখানি সুন্দর। ধীরে ধীরে সময়ের সাথে সাথে কি সুন্দর ভাবে রং পরিবর্তন হয়েছে ড্রাগন ফল গুলোর।
![]() |
|---|
সাদা রঙের ফুল থেকে প্রথমে সবুজ রঙের ফল, তারপর আস্তে আস্তে এমন সুন্দর রং ধরেছে ফলগুলোর গায়ে। অবশ্য ড্রাগন ফল বাইরে থেকে এমন রঙের হলেও, ভেতরেও যে এই রঙই হবে তার কোনো নিশ্চয়তা নেই। যতক্ষণ না সেটা কাটা হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না যে, ভেতরের রংটা আদেও সাদা নাকি এই ফলের রঙটিই হয়েছে ভিতরে।
![]() |
|---|
যাইহোক চোখের সামনে ড্রাগন ফলটির এই রং পরিবর্তন যতটা আনন্দ সহকারে উপভোগ করলাম, প্রিয় মানুষের রং বদল তার থেকে অনেক বেশি কষ্ট দেয়, একথা হলফ করে বলতে পারি। আপনারা আপনাদের জীবনে নিজের কোনো মানুষকে এমন ভাবে বদলে যেতে দেখেছেন কিনা তা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
যদি না দেখে থাকেন তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জীবন যেন এমন ভাবেই চলে। আর আপনাকে ওই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয়। ড্রাগন ফলগুলো প্রায় পাঁকার সময় হয়ে এসেছে। কিন্তু যতবার ড্রাগন ফল গুলো দেখি ততবারই শ্বশুর মশাইয়ের কথা আরও বেশি করে মনে পড়ে।
যাইহোক ভালো থাকবেন আপনারা। সকলের সুস্থতা কামনা করে আজকের লেখা শেষ করছি। শুভরাত্রি।




