খেলা: নারী এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের অভিষেক।
সবাইকে শুভেচ্ছা,
আমার বাংলা ব্লগের বন্ধুরা, বরাবরের মত ভালো আছেন আশাকরি। বেশ চলছে! আমিও ভালো আছি। গাছের ময়লা পাতা গুলো পরিস্কার হয়ে সবুজের আলো ছড়াচ্ছে। বছরের ১ম বৃষ্টি হয়েছে রাজধানীতে। বৃষ্টির পরিমান অল্প হলেও গাছের পাতার সবুজ রং ও রাস্তার ধুলিবালু থেকে কিছু সময়ের জন্য হলেও রেহাই দিয়েছে। শুধু বৃষ্টি নয়, সাথে ছিল শিলা। বছরের ১ম শিলাবৃষ্টি মন্দ নয় কিন্তু! বন্ধুরা, আমার বাংলা ব্লগে আজ একটি ফুটবল খেলা নিয়ে লেখা শেয়ার করবো আপনাদের সাথে। আশাকরি ভালো লাগবে আপনাদের। আপনারা জানেন, নারী এশিয়ান কাপ ফুটবল শুরু হয়েছে গত পহেলা মার্চ,২০২৬। এশিয়ান কাপ ফুটবল নিয়েই আমার আজকের লেখা,শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের লেখার শিরোনাম নারী এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের অভিষেক।
গত দু"দিন আগে নারী এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ালেও, আজ বাংলাদেশ ফুটবলের জন্য এক ঐতিহাসিক দিন -গৌরবের দিন। আজ বাংলাদেশ সময় দুপুর দু"টায় লাল সবুজের বাংলাদেশ দল মাঠে নামবে। প্রতিপক্ষ চীন। ফুটবল শক্তিতে চীন শতগুন এগিয়ে, বাংলাদেশের তুলনায়।৷ র্যানকিং এ বাংলাদেশ ১১২, চীন ১৭। চীন বর্তমান নারী এশিয়ান ফুটবল চ্যাম্পিয়ন দল। হয়ত লড়াইটি অসম হবে,তারপরেও বাংলাদেশ ফুটবলের জন্য এক আনন্দের দিন। এত বড় পরিসরে বাংলাদেশের নারী ফুটবল দল কখনো ফুটবল খেলেনি। এবারেই প্রথম। শুধু নারী ফুটবল কেন, পুরুষ ফুটবল দল মাত্র একবার এশিয়ান কাপে অংশ নিয়েছিলেন! সেটি ৪৫ বছর আগে ১৯৮০ সালে। তারপর দক্ষিণ এশিয়া ছাড়া বড় মঞ্চে বাংলাদেশের ফুটবল অধরাই থেকে গেছে। কিন্তু আমাদের দেশের ফুটবল জাগছে। বিশেষ করে নারী ফুটবল দল, দীর্ঘ কয়েক বছর ধরে যোগ্যতার পরিচয় দিচ্ছে। সেই যোগ্যতার ধারাবাহিকতায় ২১ তম এশিয়ান কাপের চুড়ান্ত পর্বে যোগ্য দল হিসেবে, এশিয়ার ১২ দলে জায়গা করে নিয়েছে। এবং এশিয়ান কাপে অভিষিক্ত দল হিসেবে চীনের বিপক্ষে লড়াইয়ে নামছে। রাত পোহালেই বাংলাদেশ দলের অভিষেক, ১ম খেলা। লাল সবুজের গৌরবের পতাকা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। জয় পরাজয় যাই হোক, বাংলাদেশের মানুষের শুভ কামনা তাদের সাথে আছে। নান্দনিক ফুটবল খেলে রুপনা-আফিদারা যোগ্যতার স্বাক্ষর রেখে বিশ্বের ফুটবল প্রেমীদের মন জয় করে নিবেন।
অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের শ্রেষ্টত্বের লড়াইয়ে এবার ১২টি দল অংশ নিচ্ছে। তারমধ্যে বাংলাদেশেই একমাত্র দল, যাদের এশিয়ান কাপের চুড়ান্ত পর্বে অভিষেক হচ্ছে। পরিসংখ্যান ও অভিজ্ঞতায় বাংলাদেশ দূর্বল দল। আমরা আশাবাদী, পরিসংখ্যান ও অভিজ্ঞতা ছাপিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল অভিষেক রাঙিয়ে দিবে। আর কয়েকঘন্টা পরেই অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে রুপনা-মারিয়া-মনিকারা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন,বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে খেলে। জয়তু বাংলাদেশ নারী ফুটবল দল।
বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য অনেক অনেক শুভ কামনা।
ঢাকা-বাংলাদেশ।
৩ মার্চ, ২০২৬।

Upvoted! Thank you for supporting witness @jswit.