জীবনের কঠিন সত্য: কেউ কারো নয়, দিনশেষে আপনিই আপনার আপন

কখনো কি প্রবাহমান নদী দেখেছেন? সে আপন গতিতে সামনের দিকে চলে। পথিমধ্যে বাধা পেলে নদী থমকে যায় না, বরং গতিপথ পরিবর্তন করে নতুন পথ খুঁজে নেয় এবং সেই পথেই প্রবাহিত হয় নতুন গন্তব্যের দিকে।

আমার ছেলেবেলার একটি কথা মনে পড়ে। ২০০৪-২০০৫ সালের দিকে আমরা "পিংপং” নামে ছোট রাবারের বল দিয়ে খেলতাম। সেই বলের ভেতর ছোট একটি খেলনা থাকত। বলটি ওপর থেকে নিচে ছাড়লে অনেকক্ষণ লাফালাফি করত, কিন্তু এক সময় তার গতি কমে আসত এবং বলটি স্থির হয়ে যেত। যখন সময়ের পরিক্রমায় রাবার ক্ষয়ে বলটি নষ্ট হয়ে যেত, আমরা ভেতর থেকে খেলনাটি বের করে নিয়ে অবশিষ্টাংশ আস্তাকুঁড়ে ফেলে দিতাম। এক সময়ের অতিপ্রিয় বলটি এভাবেই আমাদের কাছে ফেলনা হয়ে যেত এবং আমরা অন্য খেলনার প্রতি আকৃষ্ট হয়ে যেতাম।

ভাবুন তো, সেই পিংপং বলটি যদি হন আপনি আর বল ধরে রাখা হাতগুলো হয় আপনার চারপাশের প্রিয়জন? তারা আপনাকে গুরুত্ব দেবে, সময় দেবে এবং আপনিও আবেগে আপ্লুত হয়ে যাবেন। কিন্তু যতদিন আপনি তাদের কাছে নতুন ঠিক ততদিনই তাদের কাছে আপনার কদর। সময়ের পরিক্রমায় আপনি যখন পুরনো হয়ে যাবেন বা আপনার কার্যকারিতা ফুরিয়ে আসবে, তখন সেই মানুষগুলোর কাছে আপনার গুরুত্বও কমে যাবে।তখন তারা আপনাকে ছুড়ে ফেলে দিবে। আস্তাকুঁড়ে ফেলার আগে তারা আপনার থেকে কেড়ে নেবে আপনার মূল্যবান সময় আর মধুর স্মৃতিগুলো। তখন আপনি হয়ে পড়বেন একা—এক জীবন্ত লাশ, যে নিজের সত্তাকে হারিয়ে ফেলেছে।

"মনে রাখবেন, সারাজীবন সঙ্গ দেওয়ার প্রত্যয় নিয়ে কেউ এই পৃথিবীতে আসেনি। যে মানুষগুলো বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত আপনার খাটিয়া বয়ে নেবে, সেই ক্ষুদ্র সময়েও তারা কয়েকবার হাতবদল করে।"

তাহলে উপায় কী? জীবনে বলের মতো না হয়ে নদীর মতো হতে শিখুন। যখন বুঝতে পারবেন আপনার সঠিক মূল্যায়ন হচ্ছে না, তখন ধীরে ধীরে নিজের পথ এবং পারিপার্শ্বিকতা পরিবর্তন করুন। নতুন পথ হয়তো কিছুটা শঙ্কার হতে পারে, তবে তা নতুন সম্ভাবনারও বার্তা দেয়। নিজের যত্ন নিন এবং নিজেকে সময় দিন। দিনশেষে আপনার জন্য আপনিই আছেন। স্বার্থহীনভাবে কেউ আপনার পাশে থাকবে না। যারা সত্যিই আপনাকে গুরুত্ব দেয়, তাদের আগলে রাখুন। তাহলেই দেখবেন জীবন সুন্দর। ধন্যবাদ।

image.png

ছবি সূত্রঃইন্টারনেট

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 67716.86
ETH 2095.73
USDT 1.00
SBD 0.50