ডালিয়ার খিচুড়ি

in Incredible India • yesterday

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে অনেকদিন পর চলে এসেছি আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করার জন্য। বিয়ের আগে যখন শ্বশুরবাড়িতে আসতাম তখন প্রায়ই আপনাদের সাথে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না বিভিন্ন রেসিপি শেয়ার করতাম। কিন্তু প্রায় আট মাস হয়ে গেল বিয়ে করে এই বাড়ি এসেছি তবে আজও পর্যন্ত আপনাদের সাথে একটিও রেসিপি শেয়ার করার অবসর পাইনি, কারণ যেই সময়ে মা রান্না করে সেই সময়ে আমি বাড়ি থাকি না। যাইহোক, আজকে সকাল থেকে আমি বাড়িতেই ছিলাম তাই ভাবলাম সকালে বাড়ির সকলের খাওয়ার জন্য যেহেতু ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি তখন রেসিপিটা আপনাদের সাথে ও শেয়ার করি।

1000505151.jpg

ডালিয়া হল গমের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। মানে গমকে দানা দানা মত রেখে ভাঙ্গালে যেমন হয় ঠিক সেই অংশটি। এটি বেশ পুষ্টিকর একটি খাবার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফাইবার রয়েছে। এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বাড়ায় এবং পেট অনেকক্ষণ ভরা থাকে। এই ডালিয়ার খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে। তবে অনেকদিন হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি খাইনি, তাই আজকে সকাল সকাল বানিয়ে ফেললাম।

চলুন তাহলে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে ফেলি....

উপকরণ

নংসামগ্রীপরিমাণ
১আলু১ টা বড় মাপের আলু
২নুনপরিমাণ মতো
৩হলুদপরিমাণ মত
৪ঘিদুই চামচ
৫বিভিন্ন রকমের সবজি (গাজর, পেঁপে, মিষ্টি কুমড়ো, ফুলকপি ইত্যাদি)পরিমাণ মতো
৬কাঁচা লঙ্কাতিনটে
৭আদাপরিমাণ মত
৮তেজপাতা১ টা
৯ডালিয়া২০০ গ্রাম মতো
১০মুগের ডাল১০০ গ্রাম

1000505114.jpg

পদ্ধতি

ধাপ ১ :

প্রথমেই সমস্ত কাঁচা সবজিগুলো কেটে নিয়েছিলাম। তারপর সেগুলো ভালো জলে ধুয়ে নিয়েছিলাম।

1000505202.jpg

ধাপ ২ :

ওভেনে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে এলে তাতে খানিকটা সাদা তেল বা রিফাইন অয়েল এবং এক চামচ ঘি দিয়েছিলাম। তারপর তেল গরম হয়ে এলে তার মধ্যে সামান্য গোটা জিরে ও একটা গোটা তেজপাতা দিয়েছিলাম।

1000505200.jpg

ধাপ ৩ :

এরপর কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য একটু আদা কুচি দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো মুগ ডাল দিয়ে দিয়েছিলাম, যেটার ছবি তুলতে আমি একদম ভুলে গিয়েছিলাম। তাই এই ধাপেই আমি মুগ ডালের বিষয়টি লিখে দিলাম, আপনারা কিন্তু মুগ ডাল দিতে একদম ভুলবেন না। মুগ ডাল দিলে খিচুড়িটা খেতে আরো অনেক ভালো লাগে।

1000505207.jpg

ধাপ ৪ :

এরপর তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব।

1000505215.jpg

ধাপ ৫ :

এরপর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং ডালিয়া টা একটু ধুয়ে কড়াইতে দিয়ে দেবো।

1000505217.jpg

ধাপ ৬ :

এরপর ডালিয়া এবং সবজি গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে ফোটাতে থাকবো। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে, আর একটা থকথকে বা গাঢ় ব্যাপার চলে এলে নামিয়ে নেব।

1000505219.jpg

ধাপ ৭ :

এরপর ওপর থেকে এক চামচ ঘি দিয়ে পরিবেশন করব।

1000505152.jpg

আজ তাহলে এখানেই শেষ করছি। রেসিপিটি আপনাদের পছন্দ হলে আপনারাও আপনাদের বাড়িতে বানাতে পারেন।।

Sort:  

আমার কাছে এরকম বিভিন্ন সবজি দিয়ে নরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তবে আমি এর আগে কখনো ডালিয়ার খিচুড়ি ট্রাই করিনি। আপনার রেসিপিটি দেখে একবার ফলো করে আমিও তৈরি করে দেখব।আপনি আপনার রান্নার প্রতিটি স্টেপ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। যদিও প্রথম দিকে মুগ ডাল দেওয়ার ছবিটি দিতে ভুলে গিয়েছিলেন, তবে পরবর্তীতে সেই বিষয়টি সুন্দরভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমার রেসিপি টি আপনার পছন্দ হয়েছে জেনে খুব খুশি হলাম। ভালো থাকবেন।

Loading...