জীবনের গল্প || সময়ের যত প্রভাব

in আমার বাংলা ব্লগ16 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হৃদয়ের চঞ্চলতা নিয়ে প্রকৃতির উষ্ণতাকে দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। না না না সত্যি কিছুটা অসুস্থতা নিয়ে ভালো থাকার চেষ্টা করছি। হঠাৎ করে গতকাল হতে টনসিলের ব্যথাটা একটু বেড়েছে। যদিও আমার এই ধরণের সমস্যা খুব একটা নেই, বিশেষ করে বয়স হওয়ার পর এখন পর্যন্ত এই রকম সমস্যা বেশী হয়েছে, সেটা মনে করতে পারছি না। যাইহোক, সমস্যা মানেই সমস্যা সেটার অতীত বর্তমান বলে কিছু নেই।

তো চেষ্টা করছি সমস্যা কাটিয়ে উঠার এবং প্রকৃতির প্রকৃত পরিবেশ উপভোগ করার। অতীত বর্তমান নিয়ে যেহেতু কথা উঠেছে সেহেতু সেটা সম্পর্কে দুই একটা কথা বলতে না পারলে আবার মন খসখস করতে থাকবে হি হি হি। আমার মাঝে এই একটা খারাপ অভ্যেস আছে। বিশেষ করে কোন আয়োজন কিংবা মিটিং এ বসলে আর হুট করে সেখানে চলমান কথা প্রসঙ্গে আমার কিছু মনে হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত সেটা বলতে না পারবো ততক্ষণ মনে কোন শান্তি পাবো না। এই জন্য অনেক ক্ষেত্রেই আয়োজন কিংবা মিটিং এর পূর্বে আমি চেষ্টা করি সব বিষয়ে নিজেকে সংযত রেখে সংযুক্ত হওয়ার।

ai-generated-7770410_1280.jpg

আসলে মানুষ হিসেবে আমরা চাইলেই সব কিছু করতে পারি না, আমরা যেমন আমাদের চারপাশের নানা ধরণের রীতি নীতি দ্বারা অনেকটাই বন্দি থাকি, ইচ্ছা করলেই আমরা সেখান হতে বের হয়ে আসতে পারি না, সেগুলোকে অবজ্ঞা করে গতিশীল থাকতে পারি না। ঠিক তেমনি এমন অনেক দোষ গুন আছে আমাদের মাঝে যেগুলো হতে আমরা খুব বেশী সময়ের জন্য মুক্ত থাকতে পারি না, কোন না কোন ভাবে আমরা সেগুলোর দ্বারা আক্রান্ত হয়ে যাই। অনেকটা মুদ্রা দোষের মতো হয়ে যায়, না না না সেটাকে সরাসরি মুদ্রাদোষ বলাও ঠিক হবে না।

মূল বিষয়ে ফিরে আসছি, আমরা অনেক ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করি, বর্তমানকে আকঁড়ে ধরে গতিশীল থাকার চেষ্টা করি। কথায় বলে সময় বদলায়, সময়ের সাথে সাথে মানুষও বদলায়। কিন্তু আমি এইটাকে সমর্থন করি না। কারণ মানুষ বদলায় না ঐ সময় মানুষকে বদলাতে বাধ্য করে। অতীত ভুলতে চায় না কেউ কিন্তু বর্তমান সময়ের প্রভাবে সেটাকে ভুলতে বাধ্য করে। এখানে আমরা অনেকটাই অনিচ্ছায় এগুলো করতে বাধ্য হই। বর্তমান আপনাকে এমনভাবে উপস্থাপন করবে, আপনার চারপাশের বিষয়গুলোকে এমনভাবে সাজাবে যে, আপনি অতীতকে মনে করতে চাইবেন না।

আপনার কাছে আপনার অতীতকে দুঃখময় কিছু মনে হবে, যেটাকে মনে রাখাটা আপনার কাছে লজ্জাজনক কিছু মনে হবে। যার কারণেই আমরা অনেক ক্ষেত্রে সেগুলোকে ছুড়ে ফেলে দেয়ার চেষ্টা করি, সেগুলো হতে বিচ্ছিন্ন হতে চেষ্টা করি। আর বর্তমানকে আমাদের জন্য সুখকর মনে করে সেটাকে আকঁড়ে ধরার চেষ্টা করি। কিন্তু আমরা ভুলে যাই, আজকে যা বর্তমান আগামীকাল সেটাই আবার অতীত হয়ে যায়, গতিশীল জীবনে আমরা এই বর্তমান এবং অতীতের সমীকরণ হতে বের হয়ে আসতে পারি না, দোদুল্যমান একটা অবস্থায় ঝুলে থাকি।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png