জীবনের গল্প || সময়ের সাথে জীবন পরিবর্তনশীল

in আমার বাংলা ব্লগ8 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। জীবন সত্যি পরিবর্তনশীল, আমরা হয়তো বলে থাকি মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায়। আসলে এখানে একটু ভুল আছে, আমার দৃষ্টিভঙ্গি হতে এটা বলছি। ভুল আছে বলেছি শুনে আবার আমাকে পন্ডিত ভাবা শুরু করলে কিন্তু আপনারও ভুল হবে, হি হি হি। তাই আগেভাগে সতর্ক করে দিলাম। দেখুন, যখন যারা যে কথাগুলো বলেন তারা অবশ্যই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকেই বলে থাকেন।

সময় অবশ্যই গতিশীল, সময়ের প্রভাবে অবশ্যই সব কিছু পরিবর্তন হতে বাধ্য হয় আর তার সাথে সাথে আমাদের জীবনও পাল্টে যেতে শুরু করে। আজকে আপনি যেখানে আছেন ভবিষ্যতে সেখানে নাও থাকতে পারেন, সময়ের সাথে সাথে আপনার জীবনের গতি পাল্টে যেতে পারে, পাল্টে যেতে পারে আপনার নিজের অবস্থানও। সুতরাং সময়ের সাথে সাথে শুধু আমরা মানুষই পাল্টে যাই না বরং আমাদের জীবন পাল্টে যায়, আমাদের অবস্থান পাল্টে যায়, আর এই দুটোর নির্মম প্রভাবেই আমরা মানুষরা পাল্টে যেতে বাধ্য হই। এখানে অনেক সময় আমাদের কিছুই করার থাকে না।

roonznl-flower-4774929_1280.jpg

তখন আমরা চাইলেও নিজের অবস্থান ধরে রাখতে পারি না, আগের মতো আর থাকতে পারি না। আরো একটু সহজ করে ব্যাখ্যা করছি বিষয়টি। ধরুণ আপনি নতুন চাকুরী পেয়েছেন, তখন অফিসের সবার সাথে একটু মেশার চেষ্টা করছেন, সকলের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরীর চেষ্টা করছেন, যাতে আপনার কাজ করতে সুবিধা হয়, যাতে সবাই আপনাকে একটু বেশী সহযোগিতা করে। তো এখন আপনার যে পজিশন বা আপনি যেই রকম আচরণ করছেন সকলের সাথে, পাঁচ বছর কিংবা দশ বছর পর কি সেই একই রকম আচরণ করবেন সকলের সাথে?

তখন কি আপনার নিজের পজিশন একই রকম থাকবে? নাকি আপনার মানসিকতায় পরিবর্তন আসবে, আপনার অবস্থান পরিবর্তন হবে? এর মাঝে আপনি অনেক বেশী পরিপক্ক হয়ে উঠবেন, অফিসের যাবতীয় কাজকর্ম ভালোভাবে বুঝে যাবেন এবং হতে পারে আপনি একাধিক প্রমোশন পেয়ে আরো উপরের লেভেলে উঠে যাবেন। তখন আপনার চিন্তা চেতনা কিংবা ভাবনার মাঝে অনেক পরিবর্তন আনতে বাধ্য হবেন। অফিসের ডেকোরম কিংবা পদবীর স্তর বজায় রাখার জন্য সকলের সাথে স্বাভাবিকভাবে মিশতে পারবেন না, সেই শুরুর মতো।

সুতরাং এখানে আপনার অবস্থানগত কারণে আপনাকে পরিবর্তন হতে হবে, এটাই নিয়ম। নিজের অবস্থান এবং অফিসের ডেকোরম বজার রাখার জন্য আপনাকে পরিবর্তন হতে হবে। জীবন আপনাকে সেই শিক্ষাটাই দিচ্ছে, পরিবর্তন যেখানে জরুরী সেখানে পরিবর্তন হওয়া ছাড়া বিকল্প কোন উপায় থাকে না। সময়ের প্রভাবে হয়তো সব কিছুই হয় কিন্তু জীবনের তাগিদে এবং অবস্থানগত পরিবর্তনের কারণে আমাদের নিজেদেরকেও পরিবর্তন করতে হয় আবশ্যিকভাবে, এটাই হয়ে আসছে ক্রমাগতভাবে হয়তো সামনেও হতে থাকবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png