তারাপিঠের শ্মশান
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তরে অবস্থিত পবিত্র তীর্থস্থান তারাপিঠ মন্দির। যেখানে দেবী তারা পূজিত হন এক বিশেষ তান্ত্রিক রূপে। কিন্তু এই মন্দিরের পাশেই রয়েছে আরও এক রহস্যময় স্থান- তারাপিঠের শ্মশান, যা রাতের অন্ধকারে যেন এক অন্য জগতের দরজা খুলে দেয়। রাত নামতেই শ্মশানের পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। চারদিকে ঘন অন্ধকার, মাঝে মাঝে আগুনের শিখা, আর কিছু মানুষের নীরব উপস্থিতি। সব মিলিয়ে এক অদ্ভুত আবহ তৈরী হয়। আমি যখন সেখানে পৌঁছাই, তখন কয়েকজন সাধু এবং স্থানীয় মানুষ আগুনের পাশে বসে ছিল। কারও মুখে কথা নেই, কিন্তু চোখে গভীর এক অনুভূতি ছিল। এখানে একটি ছোট চিতার আগুন জ্বলছিলো এবং চারপাশে কয়েকজন বসে ছিল।
অন্যদিকে একটি ছোট উঁচু জায়গায় ছাতা টাঙিয়ে কেউ একজন সাধনা করছিলো। তারাপিঠের শ্মশান শুধু দাহ করার জায়গা নয়, এটি তান্ত্রিক সাধনার অন্যতম প্রধান কেন্দ্র বটে। বহু সাধক এখানে এসে ধ্যান, জপ এবং কঠিন তপস্যা করে থাকে। বিশেষ করে মধ্যরাত্রির সময় এই স্থান আরও বেশি রহস্যময় হয়ে ওঠে। অনেকে বিশ্বাস করে, দেবী তারা নিজে এই শ্মশানে বিরাজ করে। তাই এখানে ভয় নয়, বরং এক ধরনের ভক্তি ও শ্রদ্ধা অনুভূত হয়। আমার কিন্তু প্রথমে একটু ভয় লাগছিল এখানে গিয়ে, আর সেটা স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম, এই জায়গা ভয় পাওয়ার নয়, বরং জীবনের বাস্তবতা উপলব্ধি করার মূল জায়গা। তারাপিঠের শ্মশান এমন একটি জায়গা, যেখানে ভয়, ভক্তি এবং দর্শনের এক অনন্য সংমিশ্রণ পাওয়া যায়।


