The Rat Race | ইঁদুর দৌড়
হ্যালো স্টিমিট পরিবার, কেমন আছেন সবাই? আমরা সবাই যেমনেই থাকি সবাই কিন্তু একটি অদৃশ্য দৌড়ের মধ্যে আছি, কারন ছোটবেলা থেকেই আমাদের একটা অদৃশ্য দৌড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়।ভালো করে পড়তে হবে। ভালো রেজাল্ট করতে হবে। ভালো চাকরি পেতে হবে। বেশি টাকা আয় করতে হবে। বাড়ি করতে হবে। গাড়ি কিনতে হবে। অন্যদের চেয়ে একটু ভালো থাকতে হবে। তারপর একটা সময় বুঝতে পারি, আমরা আসলে কোথায় যাচ্ছি সেটাই জানি না, শুধু দৌড়াচ্ছি। আর এভাবেই আমাদের জীবনের সমস্ত সময় শেষ হয়ে যায়।
এই দৌড়কেই অনেকে বলে The Rat Race বা ইঁদুর দৌড়। ইঁদুরকে যদি একটা চাকার মধ্যে ছেড়ে দেওয়া হয়, সে অনেকক্ষণ দৌড়াতে পারে। সে ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম হয়, গতিতে থাকতে হয়, ক্লান্তি আসে কিন্তু শেষ পর্যন্ত সে একই জায়গায় থাকে। আমাদের জীবনও কখনো কখনো ঠিক এমন হয়ে যায়। এই বিষয়টা আমরা অনেক বুঝতে পারি না।সকালে ঘুম থেকে উঠি, কাজে যাই, টাকা আয় করি, খরচ করি, আবার পরের দিনের জন্য কাজ করি। আয় একটু বাড়লে আমাদের প্রয়োজনও বাড়ে। আগে যে জিনিসটাকে বিলাসিতা মনে হতো, কিছুদিন পর সেটাই আমাদের প্রয়োজনে পরিনত হয়ে যায়।
তারপর আরও ভালো ফোন চাই, আরও ভালো গাড়ি চাই, আরও বড় বাসা চাই, আরও বেশি টাকা চাই। একসময় মনে হয়, আর একটু আয় করতে পারলে জীবনটা উপভোগ করব। কিন্তু সেই আর একটু বা আর কিছুদিন কখনো শেষ হয় না। আমাদের একটা লক্ষ্য পূরণ হওয়ার আগেই আরেকটা লক্ষ্য সামনে চলে আসে। হয়তো অন্য একজন নতুন গাড়ি কিনেছে, আমাদের পুরোনো গাড়িটা হঠাৎ খারাপ মনে হয়। হয়তো কেউ নতুন বাড়ি করেছে, তখন নিজের বাড়িটা ছোট মনে হয়। হয়তো কেউ বিদেশে ঘুরতে গেছে, নিজের জীবনে যেন কিছুই করা হয়নি এমন মনে হয়।
এভাবেই আমরা নিজের প্রয়োজনের জন্য নয়, অনেক সময় অন্যদের সঙ্গে তাল মিলিয়ে বাঁচতে শুরু করি। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, এই দৌড়কেই আমরা স্বাভাবিক জীবন মনে করি। কেউ জিজ্ঞেস করে না, আমি বা আমরা আসলে কী চাই? বরং সবাই জিজ্ঞেস করে, তুমি এখন কী করছ? কত টাকা আয় করো? কোথায় থাকো? কী গাড়ি চালাও? কবে বাড়ি করবে? ধীরে ধীরে মানুষের মূল্যও যেন তার অর্জন দিয়ে মাপা শুরু হয়। কিন্তু আমাদের জীবন কি শুধু আয় ব্যয়ের হিসাব? দিন শেষে যদি টাকা থাকে, কিন্তু সময় না থাকে, বড় বাড়ি থাকে, কিন্তু সেখানে বসে কথা বলার মানুষ না থাকে, অনেক পরিচিত থাকে, কিন্তু নিজের মানুষ না থাকে, তাহলে সেই দৌড়ের অর্থ কী?
এর মানে এই নয় যে টাকা উপার্জন করা খারাপ, ক্যারিয়ার করা খারাপ কিংবা ভালো জীবন চাওয়া খারাপ। কিন্তু সমস্যাটা তখনই, যখন এগুলো আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে যায়। আমরা কাজ করব, কিন্তু কাজ যেন আমাকে পুরোপুরি গ্রাস না করে। টাকা আয় করব, কিন্তু টাকার জন্য নিজের শান্তি বিক্রি করব না।স্বপ্ন দেখব, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে বর্তমান জীবনটাকে পুরোপুরি হারিয়ে ফেলব না। আমাদের মাঝে মাঝে থামতে হবে এবং কোথায় থামতে হবে এটাও জানতে হবে। সব থেকে বড় বিষয় হলো, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।
আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা কানাআত বা খুবই গুরুত্বপূর্ণ। তবে সন্তুষ্ট থাকা মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, বরং চেষ্টা করার পাশাপাশি আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা এবং অন্যের সঙ্গে অহেতুক তুলনা না করা। কুরআনে আল্লাহ বলেন,
আল্লাহ তোমাদের কাউকে কারও ওপর যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমরা তা কামনা করো না...
আর রাসুলুল্লাহ (সা) বলেছেন,
সেই সফল হয়েছে, যে ইসলাম গ্রহণ করেছে, তাকে প্রয়োজনমতো রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে তাকে সন্তুষ্ট করেছেন।
আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে,
তোমরা তোমাদের চেয়ে নিচে যারা আছে তাদের দিকে তাকাও, আর তোমাদের চেয়ে উপরে যারা আছে তাদের দিকে তাকিও না। এতে আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে করা থেকে তোমরা রক্ষা পাবে।
অর্থাৎ উন্নতির চেষ্টা করব, কিন্তু নিজের বর্তমান নিয়ামতকে ছোট করব না। অন্যের বেশি দেখে নিজের কমকে অভিশাপ না দিয়ে, আল্লাহর দেওয়া জিনিসের জন্য শুকরিয়া আদায় করবো।
কানাআত মানে থেমে যাওয়া নয়, কানাআত মানে চেষ্টা করতে করতে অন্তরকে আল্লাহর দেওয়া নিয়ামতে শান্ত রাখা। এছারাও নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি সত্যিই আমার নিজের স্বপ্নের পেছনে ছুটছি, নাকি সমাজ যেটাকে সফলতা বলেছে তার পেছনে ছুটছি?
কারণ ইঁদুর দৌড়ের সবচেয়ে বড় সমস্যা হলো, সেখানে সবাই দৌড়াচ্ছে বলে আমরাও দৌড়াই। কিন্তু কেউ থেমে জিজ্ঞেস করে না, শেষে যেতে হবে কোথায়? হয়তো জীবনে একটু ধীরে চলারও প্রয়োজন আছে। পরিবারের সঙ্গে বসা, প্রিয় মানুষের সঙ্গে কথা বলা, নিজের জন্য সময় রাখা, প্রকৃতি দেখা, ইবাদত করা, নিজের মনকে শান্ত রাখা, এসবও জীবনের অংশ। সবসময় সামনে এগিয়ে যাওয়াই সফলতা নয়, কখনো কখনো কোথায় দাঁড়িয়ে আছি, সেটাও বুঝতে হয়।
কারণ জীবন কোনো দৌড়ের প্রতিযোগিতা নয়। শেষ পর্যন্ত কে সবার আগে পৌঁছাল, সেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। বরং প্রশ্ন হলো, দৌড়াতে দৌড়াতে আমরা পথে কী কী হারিয়ে ফেললাম। যাই হোক, আজকে এখানেই শেষ করছি, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেড়েছেন, ধন্যবাদ সবাইকে।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: The Rat Race | ইঁদুর দৌড়
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস




Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.