ওহে তরুণ
সরাসরি কাজের কথায় আসি। স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্যে অনেক তরুণ প্রার্থীকে দেখলাম,পৌরসভার কমিশনার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছে।
বয়স হয়তো সবার খুব একটা আহামরি নয়, বলা যায়, সবাই টগবগে তরুণ। তবে ওদের সামনে অগ্রসর হওয়ার মানসিকতাকে আপাতত ভীষণ ইতিবাচক হিসেবেই দেখছি।
নিম্নোক্ত কথাগুলো শুধুই তরুণদের জন্য, প্রবীণদের নিয়ে কিছুই বলার ইচ্ছে নেই।
যে কোনো জায়গাতেই যখন তরুণরা অগ্রগামী হওয়ার চেষ্টা করে, আসল পরিবর্তন ঠিক তখন থেকেই লক্ষ্য করা যায়। আর যখন তরুণরা নেতিয়ে যায়, তখন আর কোনো কিছুতেই সেই টগবগে মনোভাব থাকে না।
যদিও আশা করেছিলাম, স্থানীয় পর্যায়ে প্রবীণদের হটিয়ে সর্বক্ষেত্রেই তরুণদের আরও নতুন নতুন মুখ দেখব, তবে সেই কমতি থেকেই গেছে। এসব আসলে পলিটিক্সের ব্যাকরণ তো,তাই হয়তো অনেক তরুণের সুপ্ত ইচ্ছা ছিল, কিংবা অনেকেই আবার টগবগে মনোভাবটাকে নিজের ভেতর থেকেই তাড়িয়ে দিয়েছে পুরোনো প্যাঁচে। সেদিকে আর না এগোই।
তবে সবকিছুকে মাড়িয়ে যে সকল তরুণ সামনে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের প্রতি অফুরন্ত ভালোবাসা।
পরামর্শ খুবই ছোট,
তোমাদের মনোবল যেন শেষ পর্যন্ত দৃঢ় থাকে,মেধা, মনন কিংবা চিন্তাভাবনা যেন কোনো অবস্থাতেই বিক্রি না হয়,সেদিকটাতে ভাই ভালোভাবে খেয়াল রাখিও।
কেননা তোমরাই কিন্তু সবার থেকে এগিয়ে। বলতে গেলে, তোমরাই চোখ খুলে দিয়েছ সবার। তোমাদের দেখেই যেন অন্য তরুণরা অনুপ্রাণিত হয়,ঘুণে ধরা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে।
