নিরব বন্ধুত্ব, যেখানে কথা নয় অনুভবই সব

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সব সম্পর্কেরই একটা ভাষা থাকে।কখনো তা শব্দে, কখনো তা চোখে, আবার কখনো নিঃশব্দ ভালোবাসায়। এমন কিছু সম্পর্ক থাকে, যেগুলোতে কথা খুব একটা বলা হয় না, কিন্তু অনুভবগুলো এত গভীর যে, ভাষা যেন সেখানে ম্লান হয়ে যায়।

এই সম্পর্কগুলোতে কেউ কারো খোঁজে রোজ ফোন করে না, কোনোদিন মিস ইউ বলেও না। তবু মন জানে, দরকারে একটিই নাম মনে পড়ে যে পাশে থাকবে নিঃশব্দে, না বলে।

নিরব বন্ধুত্বগুলোতে ঝগড়া কম হয়, অভিযোগের জায়গা কম। কারণ এখানে প্রত্যাশার চেয়ে গ্রহণ করার মানসিকতা বেশি। এখানে না বলা কথাগুলো বুঝে নেওয়ার ক্ষমতা থাকে, চোখের চাহনি, মুছে ফেলা একটুখানি হাসি, হঠাৎ চুপ করে যাওয়া সবকিছুই এখানে ভাষা।

অনেকেই বলে, বন্ধুত্ব মানে তো প্রতিদিন দেখা, গল্প, আড্ডা, প্ল্যান, স্মৃতি।তবু কিছু বন্ধুত্ব আছে যেগুলো সময়ের গায়ে বাঁধা পড়ে না। দেখা না হলেও সম্পর্ক নষ্ট হয় না, কথার অভাবে দূরত্ব তৈরি হয় না। বরং মাঝে মাঝে কথা না বলার মধ্যেই সেই বন্ধনটা আরও শক্ত হয়।

এইসব বন্ধুত্বে কোনো ফিল্টার থাকে না। কোনো কৃত্রিমতা নেই। আছে শুধু নির্ভরতা, বিশ্বাস আর একরাশ নিশ্চিন্তি। হয়তো হঠাৎ করেই দেখা হলো কারো সাথে, বহুদিন পর। প্রথম মিনিট দুয়েক অদ্ভুত লাগে, কিন্তু তারপর সব যেন আগের মতোই। একটুও বদলায়নি।

এই নিরব বন্ধুত্বগুলো বুকে সযত্নে লুকিয়ে রাখি আমরা। কারণ এগুলো বড় দামি হয়। এখানে প্রতিবার অনুভবে প্রমাণ মেলে, তুমি একা না।এটাই হয়তো সবচেয়ে নিখুঁত বন্ধুত্ব।যেখানে কিছু বলতে হয় না, তবু সব বোঝা যায়।এমন বন্ধুরা খুব বেশি হয় না জীবনে। আর যারা থাকে, তারা হয়ে ওঠে আত্মার একটা অংশ।

ABB.gif