ফিরে যেতে ইচ্ছে করে, কিন্তু একইভাবে নয়।
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
ইচ্ছে করে আবার সেই পুরোনো দিনে ফিরি, যেখানে ভুল ছিল, অভিমান ছিল, ভালোবাসার নির্ভরতা ছিল সবকিছুই একসাথে। কিন্তু এবার যদি ফিরি, ফিরবো একটু বদলে, একটু বুঝে, একটু কম ভেঙে পড়ে।
সেই দিনগুলোর কথা মনে পড়ে, যেদিন একটুখানি হাসি দিনের ক্লান্তি মুছে দিত। একটা ছোট্ট খুশির খোঁজে কত বড় বড় স্বপ্ন দেখে ফেলতাম! কোনো কিছু না পেয়েও মনে হতো সব কিছু আছে। কিন্তু আজ বুঝি, আমরা তখন খুব কম জানতাম জীবন সম্পর্কে। সম্পর্কের মানে, নিজের প্রয়োজন, নিজের অনুভব।এসবকে তখন অন্যের ভালোবাসার ভেতর খুঁজতাম।
ইচ্ছে করে আবার সেই পরিচিত মুখগুলো দেখি, কিন্তু তারা যেন আগের মতো না থাকে। তারা যেন এবার আমার ভেতরের মানুষটাকেও দেখে, শুধু আমার হাসিটা না। এবার যদি কথা বলি, সেটা যেন বোঝার জায়গা থেকে হয়, না বোঝানোর চাপে না। ফিরে যেতে চাই, কিন্তু এবার আর নিজের অস্তিত্ব হারিয়ে নয়।
সেই চেনা বিকেলগুলো, টিনের চালে বৃষ্টির শব্দ, ছাদে একলা বসে থাকা, কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যাওয়া।সব ফিরিয়ে আনতে ইচ্ছে করে। কিন্তু এবার মন খারাপ হলে নিজেকে একটু জড়িয়ে ধরতে চাই, অপেক্ষা না করে।
ফিরে গেলে আর সেই আগের মতো সহজে ভেঙে পড়বো না। এবার নিজেকে আগলে রাখবো। আবার ভালোবাসবো, কিন্তু শর্তে নয়। আবার স্বপ্ন দেখবো, তবে বাস্তবের ভিত গড়ে তুলে। আবার কথা বলবো, কিন্তু নিজের কণ্ঠস্বরও শুনবো।

