মানুষ যখন সম্পর্ককেই বোঝাপড়ার প্রতিযোগিতা বানিয়ে ফেলে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষ যখন সম্পর্ককেই বোঝাপড়ার প্রতিযোগিতা বানিয়ে ফেলে তখন সম্পর্ক আস্তে আস্তে জটিল হতে শুরু করে। কারণ সম্পর্কের মূল জায়গা হলো সহজ থাকা, স্বাভাবিক থাকা আর বিশ্বাস রাখা। কিন্তু আমরা নিজেরা কখন যে সেটাকে একটা অদ্ভুত লড়াইয়ে পরিণত করে ফেলি সেটা বুঝতেই পারি না। সবকিছুতে হিসাব করতে থাকি, কে কতটা বুঝলো, কে কতটা গুরুত্ব দিল, কে আগে কথা বললো, কে আগে দুঃখ প্রকাশ করলো। এই ছোট ছোট হিসাব মিলাতে মিলাতেই সম্পর্কের সৌন্দর্য হারিয়ে যায়।
অনেকেই ভাবে যে অন্যজন সবসময় বুঝবে, সবসময় আগে এগিয়ে আসবে, সবসময় ভালো রাখবে। কিন্তু এই ভাবনাটা একতরফা হলে সেটা খুব তাড়াতাড়ি বোঝাপড়ার প্রতিযোগিতায় রূপ নেয়। একটা সময় সম্পর্ক এমন জায়গায় চলে যায় যেখানে মনের কথা বলা আর সহজ থাকে না। মনে হয় যেকোনো কিছু বললেই অন্যজন হয়তো বিচার করবে বা প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। অথচ শুরুতে আমরা সম্পর্ক তৈরি করি নির্ভরতার জন্য, আশ্রয়ের জন্য। কিন্তু এই প্রতিযোগিতার মানসিকতা আসতে আসতে সেই নির্ভরতা নষ্ট করে দেয়।
আসলে বোঝাপড়া কখনো প্রমাণ করার বিষয় না। বোঝাপড়া হচ্ছে মনের গভীর থেকে আসা অনুভূতি, যা সময়ের সাথে তৈরি হয়। সেটাকে যদি প্রতিযোগিতা ভাবা হয় তাহলে আস্তে আস্তে সম্পর্কের মধ্যে সন্দেহ ঢুকে যায়। ছোট ছোট ব্যাপার নিয়ে অভিযোগ শুরু হয়, কে কতোটা অনুভূতিপূর্ণ সেটা নিয়ে তুলনা চলে। আর এই তুলনা সম্পর্কের ভিত অনেক নরম করে দেয়। তখন আর সেই সম্পর্ক আগের মতো প্রাণবন্ত থাকে না।
আমার মনে হয়, সম্পর্কের মধ্যে সবচেয়ে জরুরি জিনিস হলো সহজ থাকা। যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো কিছু না বুঝতে পারি, সেটা নিয়ে খোলাখুলি কথা বলা অনেক ভালো। কিন্তু প্রতিটি বোঝাপড়ার জায়গায় নিজের ইগো মিশিয়ে ফেলা বা প্রমাণ করতে চাওয়া যে আমি বেশি বুঝি, এই মানসিকতা সম্পর্কের ক্ষতি করে। যেকোনো সম্পর্কের সৌন্দর্য থাকে তাতে নিঃস্বার্থ কিছু অনুভূতি থাকলে। তাই সম্পর্ককে প্রতিযোগিতার ময়দানে না নিয়ে বরং মনের জায়গায় রাখাই ভালো। এতে সম্পর্ক বাঁচে, মানুষও শান্তিতে থাকে।

