প্রতিযোগিতার জীবনে মানসিক শান্তি নেই!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বর্তমান সময়ে মানুষের জীবন এক দৌড়ের নাম। সবাই চায় এগিয়ে যেতে, সবাই চায় সেরা হতে। স্কুল থেকে শুরু করে চাকরি কিংবা ব্যবসা,সর্বত্র চলছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আমাদের কর্মঠ করেছে বটে,কিন্তু বিনিময়ে কেড়ে নিয়েছে মানসিক শান্তি।একজন ছাত্র দিনের পর দিন পরীক্ষার চাপ সামলে চলে,শুধু অন্যদের থেকে ভালো রেজাল্ট করার জন্য। চাকরিজীবী মানুষ সারাদিন কাজ করে, রাত জেগে টেনশনে ভোগে, কেবল সহকর্মীদের পেছনে ফেলে উপরে ওঠার আশায়। ব্যবসায়ী বা পেশাজীবীরাও প্রতিদিন নতুন কৌশল বের করে,প্রতিদ্বন্দ্বীদের হারানোর জন্য। এই নিরন্তর প্রতিযোগিতা মানুষকে কর্মব্যস্ত করে তোলে,কিন্তু মনের ভেতরে এক ধরনের অশান্তি তৈরি করে।
সমস্যাটা হলো, প্রতিযোগিতা মানুষকে কখনোই সন্তুষ্ট থাকতে দেয় না। আজ একটি লক্ষ্য পূরণ হলে কাল আরেকটি বড় লক্ষ্য সামনে এসে দাঁড়ায়। ফলে মানুষ থেমে গিয়ে সুখ অনুভব করতে পারে না। প্রতিনিয়ত তুলনা, ঈর্ষা আর ব্যর্থতার ভয় তাকে কুরে কুরে খায়। এর ফলেই বাড়ে মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্নতা।কিন্তু প্রতিযোগিতা পুরোপুরি খারাপ নয়। এটি মানুষকে অনুপ্রাণিত করে, উন্নতির পথে নিয়ে যায়। কিন্তু যখন প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়,তখনই সমস্যা শুরু হয়। তখন মানুষ জীবনকে উপভোগ করতে ভুলে যায়। বন্ধু পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজের ভালো লাগার কাজ করা সবকিছুই যেনো বিলাসিতা মনে হয়।
মানসিক শান্তি ফিরে পেতে হলে প্রতিযোগিতাকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। আমাদের বুঝতে হবে,সবকিছুতে সেরা হওয়া জরুরি নয়। বরং নিজের জায়গায় সেরাটা দেওয়াই আসল। জীবনে ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়া, কৃতজ্ঞ থাকা আর অন্যের সঙ্গে তুলনা না করা এসবই মানসিক শান্তি ফিরিয়ে আনতে পারে।প্রতিযোগিতা আমাদের জীবনের অংশ হলেও মানসিক শান্তির জন্য সীমারেখা টানা জরুরি। সফলতা শুধু শীর্ষে ওঠার নাম নয়, ভেতরের প্রশান্তি ধরে রাখার মধ্যেই আসল জয় লুকিয়ে আছে।

