কল্পনাতেই থেকে যাচ্ছে সব!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সবাই জীবনে অনেক স্বপ্ন দেখি।ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা করি,সুন্দরভাবে বাঁচার জন্য অনেক কল্পনা করি। কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ সময়ই সেই কল্পনা বাস্তবে রূপ নেয় না। সবকিছু কেবল মনে মনে থেকে যায়। আমরা ভাবি একদিন এমন হবো,তেমন করবো।কিন্তু সময়ের সাথে সাথে দেখি কিছুই করা হয়নি সবকিছুই কেবল কল্পনায় আটকে রয়ে গেছে।এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো কাজের অভাব। শুধু কল্পনা করলেই তো আর জীবন বদলায় না।কল্পনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন পরিকল্পনা,পরিশ্রম আর ধৈর্য।আমরা অনেক সময় স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য কোনো পদক্ষেপ নেই না। ফলে সময় চলে যায় আর কল্পনা কেবল কল্পনাই থেকে যায়।

আরেকটি কারণ হলো ভয় এবং আত্মবিশ্বাসের ঘাটতি। আমরা হয়তো ভেতরে ভেতরে বড় কিছু করতে চাই কিন্তু মনে হয় যদি ব্যর্থ হই!যদি অন্যরা হাসাহাসি করে!এই ভয়গুলো আমাদের থামিয়ে দেয়। ফলে আমরা প্রথম ধাপেই এগোতে পারি না। কল্পনায় যত সুন্দরই হোক না কেন,বাস্তবে সাহস না দেখালে কিছুই সম্ভব হয় না।এছাড়া আলসেমি আর সময় নষ্ট করার অভ্যাসও কল্পনাকে ধ্বংস করে দেয়। অনেকেই ভাবে আগামীকাল থেকে শুরু করবো বা সময় পেলেই করবো। কিন্তু সেই আগামীকাল আর আসে না। কাজের প্রতি এই অবহেলা মানুষকে কল্পনার জগতে বন্দি করে রাখে।

আমি বলছিনা যে কল্পনা একেবারে খারাপ। কল্পনা মানুষকে পথ দেখায়, নতুন কিছু ভাবতে শেখায়। কিন্তু সমস্যা তখনই হয় যখন কল্পনা বাস্তব প্রয়াস ছাড়া সীমাবদ্ধ হয়ে যায়। তখন তা হতাশার কারণ হয়ে দাঁড়ায়।সুতরাং জীবনে কল্পনা করা অবশ্যই দরকার কিন্তু কল্পনাকে বাস্তবে নামাতে হলে উদ্যোগী হতে হবে। ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হবে, সাহস রাখতে হবে আর ব্যর্থ হলেও নতুন করে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই কল্পনা বাস্তবের রূপ পাবে। নয়তো সবকিছু কেবল কল্পনাতেই থেকে যাবে আর আমরা একসময় আফসোস করবো কেন চেষ্টা করিনি।

ABB.gif