সামাজিক স্বীকৃতি না পেলেও নিজের পথ ধরে হেঁটে যাওয়া
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
এই জিনিসটা আমি অনেক আগে থেকেই বুঝতে শিখেছি যে, সব সময় সামাজিক স্বীকৃতি পাওয়া যাবে না, আর সেটা না পেলেই নিজের পথ থেকে সরে আসা ঠিক না। আমরা অনেকেই একটা জিনিস খুব ভুলভাবে শিখে ফেলি, সেটা হলো মানুষ যদি প্রশংসা না করে, তাহলে বুঝি আমি কিছুই করছি না, কিংবা আমার পথটা ভুল। অথচ সত্যিটা একেবারেই আলাদা।
আমি নিজেও বহুবার এমন পরিস্থিতিতে পড়েছি যেখানে আমি ঠিক জানতাম আমি যা করছি সেটা সঠিক, আমার নিজের বিশ্বাস অনুযায়ী আমি ঠিক পথেই আছি। কিন্তু আশেপাশের মানুষজন হয়তো সেটা মেনে নিতে পারেনি, কিংবা হয়তো একটাও ভালো কথা বলেনি, বরং এমনভাবে কথা বলেছে যাতে আমার নিজের বিশ্বাসটাই যেন ধাক্কা খায়। তখনই নিজের সাথে একরকম যুদ্ধ শুরু হয়, যে আমি কি সত্যিই ভুল পথে হাঁটছি, না কি শুধু স্বীকৃতি না পাওয়ার জন্য এমন মনে হচ্ছে।
আসলে সামাজিক স্বীকৃতি পাওয়া মানে হলো মানুষ আমার কাজ দেখে বাহবা দিচ্ছে, গ্রহণ করছে। এটা অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার, কিন্তু এটা না পেলেই যে আমি মূল্যহীন হয়ে যাই, তা না বরং অনেক সময় যারা একটু আলাদা ভাবে ভাবে, যারা একটু অন্যরকম পথে হাঁটে, তারা এই স্বীকৃতিটা অনেক দেরিতে পায়, কিংবা হয়তো কোনোদিন পায়ই না। তাই বলে কি তারা ভুল ছিল?
আমার কাছে মনে হয়, নিজের বিশ্বাসে টিকে থাকা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গর্বের বিষয়। চারপাশ যখন প্রশ্ন তোলে, যখন কেউ পাশে থাকে না, তখনও যদি আমি নিজের ওপর ভরসা রাখতে পারি, তাহলে সেটাই আসলে আমার জয়। কারণ দিনের শেষে আমিই জানি আমি কতটা পরিশ্রম করেছি, আমি কতটা মন থেকে করেছি, আর আমি আসলে কি চাই।
সবচেয়ে বড় কথা, সমাজের চোখে সফলতা মানেই টাকার পরিমাণ, ফেম, বা পরিচিতি। কিন্তু নিজের চোখে সফলতা মানে যদি শান্তি হয়, যদি তৃপ্তি হয়, তাহলে সেটা কেন কম গুরুত্বপূর্ণ হবে?
তাই আমি এখন আর কারো স্বীকৃতির জন্য নিজের পথ বদলাই না। আমি জানি, আমি কার জন্য শুরু করেছিলাম, আমি জানি আমি কেন এটা করতে চাই। আর সেই জানাটাই আমার সবথেকে বড় শক্তি। নিজের পথটা যদি মন থেকে ভালোবাসা যায়, তবে সেটা একদিন না একদিন ঠিকই কোথাও গিয়ে পৌঁছায়। স্বীকৃতি আসুক বা না আসুক, নিজের সত্যিকারের পথ ধরে হাঁটতে পারাই সবচেয়ে বড় প্রাপ্তি।

