নীরব কষ্টের শব্দ হয় না
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
নীরব কষ্টের শব্দ হয় না এই কথাটা একদম মনের গভীর থেকে উঠে আসা একটা সত্যি। কারণ আমরা যারা কষ্ট পেয়েও চুপচাপ থাকি, যারা সারাদিন হাসিখুশি চেহারার আড়ালে বুকের ভিতরে এক একটা যুদ্ধ চালিয়ে যাই, আমাদের কষ্টগুলো কেউ দেখে না, কেউ শুনেও না। এই নীরবতা আমাদের সাথী হয়ে যায়, একটা সময় পরে আমরাও অভ্যস্ত হয়ে যাই এই শব্দহীন ব্যথার সঙ্গে।
অনেকেই ভাবে, যে কাঁদে, চিৎকার করে, সেই-ই বেশি কষ্টে থাকে। কিন্তু আসলে সবচেয়ে বেশি কষ্টটা সহ্য করে সেই মানুষটাই, যে হাসতে হাসতে নিজের ভাঙা মনটা লুকিয়ে রাখে। বাইরে থেকে তাকালে মনে হয়, এই মানুষটার জীবনে বুঝি কোনো দুঃখই নেই। অথচ তার মধ্যেই একটা নিঃশব্দ কান্না চলতে থাকে।যার আওয়াজ কেউ শোনে না।
আমার নিজের জীবনেও এমন অনেক মুহূর্ত এসেছে, যখন কাউকে কিছু বলার মতো শক্তি ছিল না। মনে হতো, বললেও কেউ বুঝবে না, বরং হয়তো হাসবে বা বলবে এত কিছু ভাবো কেনো! তখন খুব নিঃসঙ্গ একটা অনুভব ঘিরে রাখে। নিজের কষ্টটা নিজের মধ্যেই গিলে নিতে হয়। একলা বিছানায় শুয়ে থাকি, চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু মুখে কোনো শব্দ বের হয় না। এটাই নীরব কষ্ট।
সবচেয়ে কষ্টের হয় তখন, যখন প্রিয় মানুষটাই বুঝতে পারে না তোমার চুপ থাকা মানে তুমি কষ্টে আছো। বরং তারা ভাবতে শুরু করে তুমি বদলে গেছো, তুমি দূরে চলে গেছো। অথচ তোমার ভেতরে তখন একরকম মৃত্যুর মতো অনুভব হচ্ছে, যে তুমি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছো না।এই নীরব কষ্টগুলোই আমাদের বদলে দেয়। হাসিখুশি একটা মানুষ এক সময় খুব চুপচাপ হয়ে যায়। যার মন খোলা ছিল, সে এক সময় নিজেকে গুটিয়ে ফেলে। চারপাশের লোকজন ভাবে, হয়তো সে অহংকারী হয়ে গেছে, কিন্তু কেউ বোঝে না সে আসলে অনেক ভেঙে পড়েছে, আর কারো সঙ্গে নিজের কষ্ট ভাগ করে নেওয়ার শক্তিটুকু নেই।
তবে একটা কথা সত্যি, এই নীরব কষ্টগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। কারো ভেতরের যুদ্ধকে অবহেলা না করতে, কারো হঠাৎ চুপ করে যাওয়াকে গুরুত্ব দিতে, এমনকি নিজেকে আরও শক্ত হতে। আজ আমি জানি, শব্দহীন কষ্টও অনেক বড় কষ্ট। তাই আমি যখন কাউকে চুপচাপ দেখি, বুঝি সে হয়তো অনেক কিছু বুকের মধ্যে চেপে রাখছে। কারণ আমি নিজেই জানি নীরব কষ্টের কোনো শব্দ হয় না।

