অভিনয়ে মানুষ ই সেরা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষকে যদি বলা হয়,তুমি অভিনয় করছো বেশিরভাগ মানুষই হয়তো কষ্ট পাবে। কিন্তু বাস্তব সত্য হলো আমরা সবাই কোনো না কোনোভাবে অভিনয় করি। মঞ্চ বা ক্যামেরার সামনে নয় জীবনের প্রতিদিনের প্রতিটি মুহূর্তেই আমরা অভিনয় করি। কখনো হাসি মুখে লুকিয়ে রাখি কষ্ট,কখনো রাগকে চেপে রাখি শালীনতার মুখোশে আবার কখনো ভালো না লাগলেও ভালো আছি বলি।এই অভিনয়ের দুনিয়াতেই মানুষই সেরা অভিনেতা।শৈশব থেকেই আমরা এই অভিনয়ের পাঠ নিই অজান্তেই।বাবা মা রাগ করলে আমরা মিষ্টি হেসে বুঝিয়ে দিই যেনো কিছুই হয়নি।স্কুলে শিক্ষক বকলে কৃত্রিম অনুতাপ দেখাই বন্ধুর সামনে নিজের দুঃখ আড়াল করি।বয়স বাড়ার সাথে সাথে এই অভিনয়ের পরিধিও বেড়ে যায়। অফিসে বসের সামনে ভদ্রতার হাসি সমাজে ভদ্রতার মুখোশ আর সোশ্যাল মিডিয়ায় সুখী জীবনের অভিনয় সবই আমাদের জীবনের অংশ হয়ে গেছে।
আসলে এই অভিনয় খারাপ নয় সবসময়।অনেক সময় অভিনয়ই মানুষকে টিকে থাকতে সাহায্য করে।কষ্টের মধ্যেও হাসি ধরে রাখা,রাগের সময় নীরব থাকা দুঃখে ভেঙে না পড়ার অভিনয় এসবই মানসিক শক্তির প্রকাশ।কিন্তু সমস্যা তখনই হয় যখন অভিনয় এতটাই গভীর হয়ে যায় যে,মানুষ নিজের আসল চেহারাটাই ভুলে যায়।তখন মুখের হাসি মিথ্যা হয়ে যায় আর মনের ভেতর জমে থাকা কষ্টের পাহাড় কেউ টেরই পায় না।আজকের সমাজে সত্যিকারের অনুভূতি যেনো হারিয়ে যাচ্ছে।মানুষ এখন সম্পর্কেও অভিনয় করে ভালোবাসা দেখায় স্বার্থে বন্ধুত্ব করে প্রয়োজনের তাগিদে আর সহানুভূতির মুখোশ পরে নিজের ফায়দা লুটে নেয়।এই জায়গাটায় এসে সত্যি মনে হয়,মানুষই পৃথিবীর সবচেয়ে দক্ষ অভিনেতা।কিন্তু এই অভিনয়ের মাঝেও কিছু মানুষ থাকে যাদের মনের ভেতরটা স্বচ্ছ,যাদের হাসির পেছনে কোনো ভান নেই।তারাই আসলে আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখে।অভিনয় হয়তো জীবনের অংশ।কিন্তু সত্যিকারের মানুষ হতে হলে অন্তত নিজের সঙ্গে যেন কেউ অভিনয় না করে।কারণ নিজের সঙ্গে মিথ্যা বললে জীবনের মঞ্চে যতো বড় অভিনেতাই হোক শেষমেশ করতালির শব্দটা কানে পৌঁছায় না।

