শিশুর প্রথম শিক্ষা
Image Created by OpenAI
শিশুর জীবন শুরু হয় একটি ছোট্ট পরিসরে, আর সেটা তার পরিবারের মাধ্যমে। এখান থেকেই সে প্রথম পৃথিবীকে চিনতে শেখে, ভালো-মন্দ বুঝতে শেখে এবং নিজের অস্তিত্বের ভিত্তি তৈরি করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ও তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। শিশুর জীবনের প্রথম শিক্ষক হল তার বাবা-মা। জন্মের পর থেকেই শিশুটি তার চারপাশের আচরণ, ভাষা এবং আবেগ অনুভব করতে শুরু করে। পরিবারের কাছ থেকেই সে শেখে যে- কিভাবে কথা বলতে হয়, কিভাবে অন্যদের সঙ্গে আচরণ করতে হয়। এছাড়া শ্রদ্ধা, ভালোবাসা ও সহানুভূতির মতো মূল্যবোধও বুঝতে শেখে। আর এই শিক্ষাগুলো বইয়ের মাধ্যমে নয়, বরং প্রতিদিনের জীবনযাত্রার মাধ্যমে গড়ে ওঠে।
তাই বলা যায়, পরিবারই হলো শিশুর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যালয়। যখন শিশু বিদ্যালয়ে যায়, তখন সে একটি বৃহত্তর সমাজের সঙ্গে পরিচিত হয়। এখানে সে শুধু পড়াশোনা নয়, বরং শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা, দলগত ভাবে কাজ করা, বিভিন্ন সংস্কৃতি ও মতামতের সঙ্গে পরিচিত হওয়া। বিদ্যালয় শিশুর মেধা বিকাশে সাহায্য করে এবং তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে। শিক্ষকরা এখানে একটি গাইডের মতো কাজ করে, যারা শিশুর প্রতিভাকে সঠিক পথে পরিচালিত করে থাকে। পরিবার শিশুর মধ্যে নৈতিকতা, আবেগ এবং প্রাথমিক আচরণ গড়ে তোলে, আর বিদ্যালয় সেই ভিত্তির উপর দাঁড়িয়ে জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটায়।
