ননদের গায়ে হলুদ
নমস্কার বন্ধুরা,
সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে আমার এক ননদের বিয়ের দিনের দুপুরের রিচুয়াল 'গায়ে হলুদের ' গল্প করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।
গত ৪ই মার্চ ছিল আমার এক ননদের বিয়ে। সেই উপলক্ষ্যে বেশ কয়েকদিন ধরে আমরা সকলে আনন্দে মেতে ছিলাম। বাঙালি বিয়ের একটি অন্যতম রিচুয়াল হল গায়ে হলুদ। বিয়ের দিন দুপুরে বরের বাড়িতে আগে গায়ে হলুদের রিচুয়াল হয়। বরের গায়ে ছোয়ানো হলুদ নিয়ে ছেলের বাড়ির লোকেরা আসে মেয়ের বাড়ি। তারপর সেই হলুদ মেয়ের গায়েও ছোঁয়ানো হয়।

আমাদের সকাল সকালই যেতে বলা হয়েছিল। সকালে বেশ কিছু কাজ ছিল। তাই আমাদের দেশে একটু দেরি হয়েছিল। আমরা সেখানে পৌঁছে দেখলাম, প্যান্ডেল পুরো তৈরি হয়ে গেছে। আর গায়ে হলুদের জায়গাতেও একটা সুন্দর ব্যাকড্রপ করা হয়েছে। সেই দিন আমরা সকলে হলুদ শাড়ি পরেছিলাম। আর ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি পড়েছিল। সকলকে খুব সুন্দর দেখতে লাগছিল।
আমরা পৌঁছানোর পর প্রথমেই আমাদের ব্রেকফাস্ট সেরে নিতে বলেছিল। সকালের খাবারে ছিল লুচি, ঘুগনি আর মিষ্টি। যেহেতু অনেকেই তখনো রেডি হয়নি তাই আমরা আগে খেয়ে নিয়েছিলাম। তারপর বাড়ির সকলের সাথে কথা বলছিলাম। আর সবাই রেডি হয়ে গেলে আমরা সকলে মিলে গায়ে হলুদের ব্যাকড্রপের কাছে অনেক ফটো তুলেছিলাম।

এরপর কিছুক্ষণ বাদে বরের বাড়ির লোকেরা এসেছিল। তারা মেয়েকে আশীর্বাদ করে বিভিন্ন উপহার দিচ্ছিল। আর সেই সাথে তারা মেয়ের গায়ে ছোঁয়ানোর জন্য হলুদও এনেছিল। সেইসব রিচুয়াল দেখছিলাম। তারপর আমরা সব ননদ-বৌদিরা মিলে অনেক ফটো তুলেছিলাম। আর নিজেরও বেশ কিছু ফটো তুলেছিলাম। বিয়ে বাড়িতে যাওয়া মানে নতুন নতুন জামা কাপড় পরে পরিপাটি হয়ে যাওয়া আর খাওয়া দাওয়া। তাই ফটো তো তুলতেই হবে।

এরপরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম জল সইতে। জল সইতে যাওয়া আমাদের বাঙালি বিয়ের একটা অন্যতম রিচুয়াল। সকলে মিলে বাজনার তালে তালে নাচতে নাচতে আমরা কাছাকাছি কোন পুকুর বা ঘাটে যাই। তারপর সেখানে মহিলারা বিভিন্ন রকমের নিয়ম কানুন সম্পূর্ণ করে ঘড়াতে করে জল ভরে আনে। তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম ঘড়াই করে জল ভরে আনার জন্য। আর ননদ-বৌদিরা মিলে খুব নেচে ছিলাম। এই বিয়ে কিংবা কোন অনুষ্ঠানে সমস্ত আত্মীয়রা এক জায়গায় হয়। তাই এই দিনগুলো খুব সুন্দর ভাবে আনন্দে কাটে।

জল ভরে আনার পর শুরু হয় আসল রিচুয়াল। গায়ে হলুদের পর্ব এরপর শুরু হয়। পাঁচজন কিংবা সাত জন বিবাহিত মহিলারা নিয়ে এই নিয়মটা পালন করে। একেকজনের বিয়েতে একেক রকম নিয়ম থাকে। তারপর তারা তাদের নিয়ম অনুযায়ী গায়ে হলুদের অনুষ্ঠান করতে থাকে। ছেলের বাড়ি থেকে আনা ছেলের গায়ে ছোঁয়ানো হলুদই মেয়ের গায়ে ছোয়ানো হয়। তারপর পুকুর থেকে বা নদী থেকে ঘড়াই করে যে জল ভরে আনা হয় সেটা দিয়েই স্নান করানো হয়।।
আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


Curated by: @ahsansharif