Better life with steem//The Diary Game// 13 th July, 2026"
![]()
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।
সারাটা দিন আজ বৃষ্টি হয়ে চলেছে। ঘরের ভিতরে বসে বৃষ্টি উপভোগ করতে কখনো কখনো ভালোই লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকের দিনটা একেবারেই উপভোগ করতে পারিনি।
চলুন সারাদিনের গল্প করতে গিয়ে তার কারণটাও আপনাদের সাথে শেয়ার করবো এই পোস্টের মাধ্যমেই।
|
|---|
![]()
|
|---|
সপ্তাহ শুরুর দিন ছিলো আজ। সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন আবহাওয়া বেশ পরিস্কার ছিলো। দেখে মনে হচ্ছিলো বোধহয় আজ আর বৃষ্টি হবে না। যদিও মনে মনে আমিও আজ সেটাই প্রার্থনা করছিলাম, যেন আজকের দিনটায় অন্তত বৃষ্টি না হয়।
আজ সকলের দিকে রান্নার দিকটা শাশুড়ি মা সামলেছেন। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আমি ঘরের বাকি কিছু কাজ সেরে নিয়েছিলাম। তারপর উপরে গিয়ে সেই সকল জামাকাপড় এক জায়গায় করলাম যেগুলো আজ ধুতে হবে।
![]()
|
|---|
জামা কাপড় গুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। শুভ অফিসে বেরিয়ে যাওয়ার পর রুটি করলাম, আমার আর শাশুড়ি মায়ের জন্য। ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর জামা কাপড় কাঁচতে যাবো এমনটাই ভেবেছিলাম। ঠিক সেই মুহূর্তে দেখলাম বাইরে আকশটা বেশ মেঘলা করে এলো। আর কিছুক্ষণের মধ্যেই এমনভাবে অন্ধকার হয়ে মুষলধারায় বৃষ্টি এলো, যেন এই বৃষ্টি আজ আর থামবে না।
কিন্তু জামা কাপড় গুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম। তাই আমার কিছু করার ছিলো না, ও গুলো ধুতেই হতো। ভাবলাম বৃষ্টি যখন শুরু হয়েছে তখন কমিউনিটির কিছু কাজ এগিয়ে নিই। তারপর ভিজিয়ে রাখা জামা কাপড়গুলো ধোয়ার কাজ শেষ করবো।
![]()
|
|---|
তাই আগে কমিউনিটির কাজগুলো সম্পন্ন করে, একটা রুটি ও মিষ্টি খেয়ে নিলাম। অনেকদিন বাদে আজ মিষ্টি খেলাম। তারপর গিয়ে জামা কাপড় গুলো ধুয়ে দিলাম। বাইরে সেই মুহূর্ত মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। তবে সৌভাগ্যবশত ঘরের ভেতরে দুটো দড়ি টানিয়ে, ছাদের দিকে একটা দড়ি টানিয়ে, সেই সমস্ত জায়গায় জামা কাপড় গুলো মেলে দিলাম।
অন্ততপক্ষে জল যদি ঝরে যায়, আর আগামীকাল সূর্য উঠে বা সামান্য আকাশ পরিষ্কার থাকে, তাহলে হয়তো সেগুলো শুকালেও শুকাতে পারে। না হলে আবার সেগুলোকে কাঁচতে হবে। কারণ ভেজা অবস্থায় জামা কাপড় বেশি দিন থাকলে তাতে একটা অন্যরকম গন্ধ হয়, যেটা একেবারেই ভালো লাগে না।
|
|---|
আমি এই সকল কাজ করতে করতে শাশুড়ি মায়েরও রান্নাঘরের কাজ সম্পন্ন হয়ে গিয়েছিলো এবং স্নান করে তিনি পূজো দিতে চলে গিয়েছিলেন। আমাকেও আজ শ্যাম্পু করতে হলো। তাই স্নান করতে অনেকটা সময় ব্যয় হলো।
তারপর নীচে এসে বিছানার চাদর বদলে নিয়ে একটু বসলাম। তখনই একটা ফোন এলো। তারপর ফোনে বেশ কিছুক্ষণ কথা বললাম। এমন এমন বিষয় আমাদের জীবনে থাকে, যে বিষয়গুলো নিয়ে সকলের সাথে খোলা ভাবে কথা বলা যায় না। তবে জীবনে এমন কিছু মানুষও থাকে যাদেরকে সবটা খুলে বলতেও হয় না।
![]()
|
|---|
![]()
|
|---|
![]()
|
|---|
যাইহোক কথা বলা সম্পন্ন করার পর শাশুড়ি মায়ের পূজো দেওয়া হয়ে গেলে, তারপর আমরা একসাথে লাঞ্চ সেরে নিলাম। তখনও বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছিলো। আর আমার শরীরটাও বেশ ক্লান্ত লাগছিলো। কারণ আজ বৃষ্টির মধ্যেই অনেক ক্ষণ জলে ভেজা হয়েছে জামা কাপড় কাঁচার জন্য। তার উপর আবার শ্যাম্পু করেছি। যাইহোক এরপর একটু শুয়ে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যে আমার ঘুম এসে গেলো।
|
|---|
হঠাৎ পাশের বাড়ির কাকির চিৎকারে ঘুম ভাঙলো। না চিৎকার করে তিনি আমাদেরকে ডাকছিলেন না, তিনি ওনার ছেলেকে ডাকছিলেন। তবে এতো জোরে জোরে ডাকছিলেন যে, আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াহুড়ো করে বাইরে গিয়ে জানতে পারলাম তেমন কিছু ভয়ের বিষয় নেই।
আসলে কাকি কোনো কাজের জন্য বাইরে গিয়েছিলেন। বাড়িতে ওনার ছেলে ছিলো, তাই উনি আর আলাদা করে চাবি নিয়ে যান নি। বাড়িতে এসে অনেকবার কলিং বেল বাজানোর পরেও সে দরজা খুলছে না দেখে তিনি এ রকম চিৎকার করে ডাকছিলেন।
ওনার ফোনের ব্যালেন্সও শেষ হয়ে গেছে, তাই উনি ফোন করতে পারছিলেন না। এখানেই আসল সমস্যাটা হয়েছে। তাই উনি চিৎকার করতে বাধ্য হয়েছেন। তারপর পাশের জ্যেঠিমার ফোন নিয়ে ফোন করা হলে ও দরজা খুললো। পরে অবশ্য জানা গেলো, কানে হেডফোন দিয়ে ও ঘুমিয়ে পড়েছিলো, তাই কলিংবেলের আওয়াজ শুনতে পায় নি। কি অবস্থা ভাবুন।
বাড়িতে এসে দেখলাম কাকির চিৎকারে শুধু আমার না শাশুড়ি মায়েরও ঘুম ভেঙে গেছে। তারপর ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাদে সন্ধ্যা দিতে গেলেন। আমি উপরে গিয়ে জামা কাপড় গুলোর অবস্থা দেখছিলাম, তবে দেখলাম জামাকাপড় গুলো সম্পূর্ণ ভিজেই রয়েছে। জানিনা আগামীকালও এইরকম বৃষ্টি থাকবে কিনা।
এরপর আমি কিছুক্ষণ টিভি দেখবো ভাবলাম। কিন্তু তার আগে মনে হলো পোস্ট লেখাটা শেষ করি। তাই আগে পোস্ট লিখতে বসলাম। এরপর কিছুক্ষণ টিভি দেখবো, তারপর রাতের খাবার তৈরি করে খেয়ে নেবো।
এভাবেই কর্মব্যস্ততা, বৃষ্টি সবকিছু মিলিয়ে আজকের দিনটা কাটলো। আশাকরি আপনাদের সকলের দিনটাও বেশ ভালোই কেটেছে। ভালো থাকুন আপনারা সকলে। শুভরাত্রি।









