স্বরচিত কবিতা:- "রমজানের ডাক"
আবারো এক বছর পর রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আমাদের দ্বারে হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। সময়ের চাকা ঘুরে মুমিনের হৃদয়ে প্রশান্তির পরশ বুলাতে আবারও ফিরে এলো আত্মশুদ্ধির এই মহিমান্বিত মাস। এরই মধ্যে আমরা একটি রোজা অতিবাহিত করেছি, যা আমাদের মনে করিয়ে দিচ্ছে সময়ের মূল্য এবং আল্লাহর অশেষ মেহেরবানি। ব্যস্ত জীবনের যান্ত্রিকতায় হয়তো কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এই পবিত্র মাসের বরকতে আবারও কলম ধরলাম। রমজানের পবিত্রতা এবং আধ্যাত্মিক আমেজকে শব্দে রূপ দিতেই অনেকদিন পর আপনাদের মাঝে আবারও হাজির হলাম হৃদয়ের গভীর থেকে লেখা একটি নতুন কবিতা নিয়ে। আশা করি, আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদেরও মনে জায়গা করে নিবে।
"রমজানের ডাক"
মোঃ ফয়সাল আহমেদ
রহমতের ওই সুবাতাস নিয়ে
এলো মাহে রমজান,
পবিত্র এই মাসের গুনে
ভরে ওঠে সবার প্রাণ।
ভোর রাতেতে সেহরি খেয়ে
রাখি মোরা রোজা,
নেকির পাল্লা হবে যে ভারি
হালকা হবে গুনাহর বোঝা।
মিথ্যে কথা বিবাদ ভুলে
থাকি ভালো কাজে,
শান্তির সুর বেজে ওঠে আজ
সবার মনের মাঝে।
তপ্ত রোদে তৃষ্ণার ছলে
সবর করি মোরা,
ধৈর্য ধরার শিক্ষা যে দেয়
আল্লাহর এই ধরা।
সূর্য যখন ডুববে সাঁঝে
আসবে ইফতারের বেলা,
খুশির আমেজ ছড়িয়ে পড়ে
নয়কো অবহেলা।
তারাবি আর কুরআন পাঠে
কাটে যে রাতগুলো,
মুছে যাক সব মনের কালি
হৃদয় হোক নির্মল ও আলো।
দোয়া করি দুহাত তুলে
প্রভুর দয়া পেতে,
ধন্য হবে মোদের জীবন
এই রমজানের সাথে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।





🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5