ধাক্কা

in আমার বাংলা ব্লগ5 days ago

40142.jpg
source

জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি, যেখানে এসে কচুপাতার দিকে তাকালেই যেন নিজের জীবনের সঙ্গে অদ্ভুত এক সাদৃশ্য খুঁজে পাই। কচুপাতায় যেমন পানি জমাট বেঁধে থাকে না, তরল যাই পড়ুক না কেন, একটু নড়াচড়াতেই ছলাৎ করে গড়িয়ে যায়,আজকাল জীবনটাও যেন ঠিক তেমনই। কিছুই যেন স্থির হয়ে থাকতে চায় না।

মানুষের সমস্যার কথা শুনতে শুনতে কখনো কখনো ভুলেই যাই, নিজের জীবনটাও সমস্যার বাইরে নয়। চারপাশে তাকালে দেখি, সবাই কোনো না কোনো স্রোতে ভাসছে। কেউ সাঁতরে উঠতে চাইছে, কেউ হাঁপিয়ে গেছে, কেউ ক্লান্ত হয়ে দম নিতে চাইছে। কিন্তু সমস্যার সেই খরস্রোতা নদী পেরিয়ে ওপারে উঠে একটু স্বস্তিতে দাঁড়ানোর সুযোগটা যেন কারও ভাগ্যেই নেই।

আজকাল যেচে কাউকে কিছু বলি না। সেদিন বৃষ্টি থামার পর আনমনে কচুপাতার দিকে তাকিয়ে ছিলাম। পাতার ওপর পানি টলোমলো করছিল। মনে হচ্ছিল, পানিটা শুধু একটা ধাক্কার অপেক্ষায় আছে। তারপর সামান্য নড়াচড়া হলো আর ছলাৎ করে নিচে পড়ে গেল।

জীবন এখন ঠিক কচুপাতার সেই পানির মতোই টলমলে। অপ্রিয় সত্যি হলো,আমি স্থির নই, পরিস্থিতিও স্থির নয়। বরং আরও সংশয়ের ব্যাপার হলো, কখন কে কোথা থেকে এসে ধাক্কা দেবে, আর সেই ধাক্কায় ছলাৎ করে কোথায় গিয়ে পড়ব,সেটাও এখন বুঝে ওঠার বাইরে ।

জীবনে অনেক কিছু হারানোর হিসাব করা যায়, কিন্তু মানুষ চিনতে না পারার অপ্রাপ্তির কোনো হিসাব হয় না।

কাকে বিশ্বাস করেছি, কাকে আপন ভেবেছি, কার কথাকে সত্যি ধরে নিয়েছি, আর এসবের উত্তর খুঁজতে গিয়ে বুঝেছি, মানুষ চেনা যতটা সহজ মনে হয়, আসলে ততটাই দুরূহ।

মানুষ কখনো কখনো মুখে নয়, পরিস্থিতির ধাক্কায় নিজের আসল চেহারা দেখায়।

তাই এখন আর কোন কিছুতেই খুব বেশি অবাক হই না। শুধু টলমলো জীবনের দিকে তাকিয়ে থাকি আর ভাবি,কচুপাতার পানির মতোই বোধহয় জীবন,যতক্ষণ ধাক্কা নেই, ততক্ষণ সবকিছু ঠিকঠাক।

ধাক্কা এলেই হয়তো বোঝা যাবে, কার চেহারা কেমন।