ধারাপাত

in আমার বাংলা ব্লগ10 hours ago

40575.jpg

ভালোবাসা জীবনে আসেনি বললে নেহাতই ভুল হবে, তবে আগলে রাখতে পারছি কতটুকু, তা বড্ড ভাবনার বিষয়। এসব কথা তো আজকাল কেউ মুখ ফুটে বলে না, বলতে গেলেই নাকি লজ্জার আবরণে মুড়িয়ে যায়। গ্রাস করে অপ্রস্তুত আচরণ।

তবে যত যা-ই কিছু হোক না কেন, কেউ কেউ তো অনায়াসেই অবলীলায় মুখ খুলে ফেলে। দম বন্ধ করে ফেলা জমাট বাঁধা কথাগুলো কাউকে না কাউকে বলে হালকা হয়, নতুবা প্রকাশ করে হাওয়ায় উড়িয়ে দেয়।

চাঁদটার দিকে দেখেছেন? মনে হচ্ছে নিজের মতো করে কেচ্ছা বলতে চাচ্ছে। আসলে চাঁদ যা বলছে, তা হয়তো ওর নিজের বলা কিছু নয়। সবাই হয়তো ওর দিকে তাকিয়ে আনমনে যে কথাগুলো ছুড়ে দিয়েছে, সেগুলোই হয়তো ঝরে পড়ছে ওর কথামালায়। হোক তা উপমা, কলঙ্ক, নতুবা বিরহ।

ভালোবাসাও ঠিক অমন, বুঝছেন,অনেকটা চাঁদের বলা কেচ্ছার মতো। হেঁচকি দিয়ে দম বন্ধ করা, আবার গড়গড়িয়ে সব উগলে দেওয়া,কিছুই যেন চাপা থাকে না।

ভালোবাসার ধারাপাত বোঝা বড় দায়। এই ধারাপাত যেই পড়েছে, সেই ফেঁসেছে।

কখন, কে, কীভাবে, কোন অবস্থায়, কোন বয়সে ভালোবাসার ধারাপাত পড়বে, তা আগেভাগে ঠাওর করা বড্ড মুশকিল।