নীরব মানুষগুলোর মনের একটা গল্প থাকে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
নীরবতা অনেকেই দুর্বলতা ভাবে। কিন্তু আমি যত বড় হচ্ছি, ততই বুঝতে পারছি সবচেয়ে গভীর কথাগুলো আসলে নীরব মানুষগুলোই নিজের মনে বয়ে বেড়ায়। যারা বাইরে চুপচাপ, শান্ত, নিজের মতো থাকে, তারা কিন্তু ভেতরে একটা আস্ত পৃথিবী লুকিয়ে রাখে। তাদের চোখের চাহনি, ঠোঁটের নরম হাসি, বা হঠাৎ থেমে যাওয়া এসবের পেছনে লুকিয়ে থাকে একেকটা না বলা গল্প।
এই গল্পগুলো কেউ জানতে চায় না। কারণ আমরা সমাজ হিসেবে কথা বলাকেই গুরুত্ব দিই, শুনতে জানি না। কেউ যদি কম কথা বলে, তাকেই বোঝার চেষ্টা না করে বলি ও তো সবসময় চুপচাপ থাকে, কীইবা আছে ওর মনে?অথচ এমন একজনই হয়তো রাতে বিছানায় শুয়ে ঘণ্টার পর ঘণ্টা জেগে থাকে, কেবল ভেবে যায় কে কেমন আচরণ করল, কার কথায় কষ্ট পেল, কী কী হারিয়ে ফেলল।
নীরব মানুষগুলো অনেক বেশি অনুভূতিপ্রবণ হয়। তারা খুব সহজে কাঁদে না, কিন্তু একবার কাঁদলে সেই কান্না থামে না সহজে। তারা সহজে কারো ওপর রাগ করে না, কিন্তু একবার দূরে সরে গেলে ফিরে আসে না সহজে। তারা কারো কাছে অভিযোগ করে না, অথচ বুকভরা অভিমান নিয়ে দিনের পর দিন একা চলতে থাকে।সবচেয়ে কষ্টের কথা হলো, এই মানুষগুলোর গল্প শোনার মতো কেউ থাকেও না। কারণ তারা নিজেরা কাউকে বলেন না, আর অন্যরাও ভাবেন ও তো ঠিক আছে, কষ্ট থাকলে বলত। অথচ বলার শক্তিটাই যে হারিয়ে ফেলে ওরা অনেক আগেই।
তবুও, নীরব মানুষগুলো কিন্তু খুব দৃঢ় হয়। তারা বোঝে, সবার সব বুঝিয়ে চলা যায় না। জীবনে অনেক কিছু নিজের মতো করে মেনে নিতে হয়, পেরিয়ে যেতে হয়। তাই তারা চুপচাপ থেকেও লড়ে যায়। ভেতরে ভাঙলেও বাইরে ভেঙে পড়ে না। আর এটাই ওদের সবচেয়ে বড় শক্তি।আমি সবসময় বলি, নীরব মানুষদের অবহেলা কোরো না। ওদের চোখে তাকাও, একটু পাশে বসো, হয়তো কিছু না বললেও তুমি ওদের ভেতরের কষ্টটা বুঝতে পারবে। কারণ ওদের মনের গল্পটা শব্দে নয়, অনুভবে লেখা থাকে। আর সেই অনুভবটাই সবচেয়ে সত্যি, সবচেয়ে শক্তিশালী।


খুবই চমৎকার এবং হৃদয়স্পর্শী একটি অনুভূতির প্রকাশ, @steem-articles! নীরব মানুষগুলোর ভেতরের জগতটা যে কতটা গভীর এবং শক্তিশালী হতে পারে, তা আপনার লেখায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার চিন্তাভাবনা সত্যিই প্রশংসনীয়। শুভকামনা রইল