ক্ষমা করা আর ছাড় দিয়ে দেওয়ার পার্থক্য
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
ক্ষমা করা আর ছাড় দিয়ে দেওয়ার মধ্যে যে পার্থক্য আছে, সেটা অনেকেই বোঝে না। বাইরে থেকে দেখলে দুইটাকে একইরকম মনে হয়। মনে হয়, কাউকে ক্ষমা করা মানেই তাকে ছাড় দিয়ে দেওয়া। কিন্তু আসলে এই দুইটার মানে এক নয়।
ক্ষমা করা হলো একটা মানসিক মুক্তি। কেউ যদি আমাদের কষ্ট দিয়ে থাকে, আমাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে, তাকে ক্ষমা করা মানে এই নয় যে আমরা তার কাজটাকে সঠিক বলছি। ক্ষমা করা হলো, সেই মানুষটার আচরণের বোঝা আর নিজের মনে না রাখা। এটা এক ধরনের শান্তি, যেখানে আমরা মেনে নিই যে সে যা করেছে তা অন্যায়, কিন্তু সেই অন্যায়ের জন্য সারাজীবন ঘৃণা বা রাগ পুষে রাখব না। ক্ষমা করতে পারলে মনে একধরনের হালকা ভাব আসে। মনে হয়, এবার নিজেকে নতুনভাবে শুরু করা যাবে।
অন্যদিকে, ছাড় দিয়ে দেওয়া মানে হলো সেই মানুষটার ভুলগুলোকে অযথা প্রশ্রয় দেওয়া। যেমন, কেউ বারবার একই ভুল করছে, একই কষ্ট দিচ্ছে, কিন্তু আমরা কিছু বলছি না বা বারবার মেনে নিচ্ছি। এটা ক্ষমা নয়। এটা নিজের সীমারেখা হারিয়ে ফেলা। ছাড় দিয়ে দিলে মানুষ ভেবে নেয় যে ও যা খুশি করতে পারে, আমরা কখনো প্রতিবাদ করব না। তখন সে নিজের আচরণ ঠিক করার কোনো তাগিদ বোধ করে না।
ক্ষমার মধ্যে একটা দৃঢ়তা থাকে। সেখানে বলা যায়, আমি তোমাকে তোমার ভুলের জন্য দোষারোপ করে রাখব না, কিন্তু এই সম্পর্ক আর আগের মতো থাকবে না। আমি নিজের সম্মানকে গুরুত্ব দিচ্ছি। ছাড় দিয়ে দেওয়া হলো সেই দৃঢ়তার অনুপস্থিতি। সেখানে নিজের কষ্ট বা অপমানকে অবহেলা করে শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য সব মেনে নেওয়া।
আমি মনে করি, জীবনে ক্ষমা শেখা দরকার, কারণ ক্ষমা আমাদের শান্তি দেয়। কিন্তু ছাড় দিয়ে দেওয়া উচিত নয়। কারণ ছাড় দিতে দিতে আমরা নিজেদের ক্ষতি করি। আমরা আমাদের মূল্যবোধ, আত্মসম্মান সবকিছু হারিয়ে ফেলি।
ক্ষমা করা মানে সেই মানুষটাকে আর কোনো গুরুত্ব না দিয়ে নিজের পথ চলে যাওয়া। আর ছাড় দিয়ে দেওয়া মানে তার জন্য নিজের সীমানা ভেঙে ফেলা। এই দুইটার ফারাক বোঝা খুব জরুরি। কারণ জীবনের প্রতিটি সম্পর্কেই এই পার্থক্য আমাদের বোঝার প্রয়োজন আছে। ক্ষমা করতে শেখা দরকার, কিন্তু অযথা ছাড় দিয়ে নিজেকে ছোট করা একদম উচিত নয়।

