শবে বরাতের রাত, ক্ষমার আশায় কোটি মুসলমান
আসসালামু আলাইকুম স্টিমিট পরিবার,
আল্লাহ তায়ালার কাছে অশেষ কৃতজ্ঞতা, তিনি আমাদের আরও একটি পবিত্র রাত দেখার সুযোগ দিয়েছেন। গতকাল ছিল শবে বরাতের রাত। এই রাত এলেই মনটা কেমন যেন ভারী হয়ে যায়। কারণ এই রাত শুধু ইবাদতের না, এই রাত নিজের ভেতরের মানুষটার সাথে একটু কথা বলার রাত। নিজের ভুলগুলো চোখের সামনে ভেসে ওঠে, অবহেলা করা নামাজ, দোয়া না করা দিনগুলো, সব এক এক করে মনে পড়ে।
শবে বরাত মানেই আমরা জানি, ক্ষমার রাত। আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সেই আশাতেই গতকাল আমিও ঘর থেকে বের হয়েছিলাম। মিলাদ পড়েছি, নামাজ আদায় করেছি। মসজিদের ভেতরের পরিবেশটা ছিল খুব শান্ত। কোরআনের তিলাওয়াত শুনে মনে হচ্ছিল, বুকের ভেতরের অনেক অস্থিরতা ধীরে ধীরে কমে যাচ্ছে। এরপর সবচেয়ে কষ্টের কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা করেছি। পরিবারের যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের কবর জিয়ারত। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করেই মনে হলো, একদিন আমাকেও ঠিক এভাবেই শুয়ে থাকতে হবে। তখন আর কোনো পরিচয় থাকবে না, থাকবে না কোনো ব্যস্ততা, শুধু আমল আর আল্লাহর রহমত।
কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে করতে চোখ ভিজে উঠছিল। যারা আমাদের ভালোবাসত, আগলে রাখত, আজ তারা নিঃশব্দ। তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নেই।এই বাস্তবতা খুব শক্ত করে আঘাত করে। গতকাল রাতটা খুব জমকালো কোনো ইবাদতে কাটেনি। না, এমন কিছু না। কিন্তু মন থেকে চেষ্টা ছিল। নিজের মতো করে আল্লাহর কাছে কথা বলেছি। হয়তো ভাষা সুন্দর ছিল না, দোয়া গোছানো ছিল না,কিন্তু অনুভূতিটা ছিল সত্যি।
এই রাত আমাকে আবার মনে করিয়ে দিয়েছে, আমরা সবাই পথচারী। আজ আছি, কাল নেই। তাই সুযোগ থাকতে আল্লাহর দিকে ফিরে আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে ক্ষমা করেন, আমাদের মৃত আপনজনদের মাগফিরাত দান করেন এবং সঠিক পথে চলার তৌফিক দেন। এই দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য দোয়া রইল। ধনবাদ সবাইকে।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: শবে বরাতের রাত, ক্ষমার আশায় কোটি মুসলমান
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...



