শীতের রাতে আগুন 🔥, বন্ধুত্ব আর কিছু অমূল্য মুহূর্ত
শীত মানেই আমার কাছে একটু আলাদা অনুভূতি। গত কয়েকদিন ধরে ঠান্ডাটা যেন হঠাৎ করেই বেড়ে গিয়েছিল। দিনের বেলায় যেমন হালকা রোদে ভালো লাগছিল। সন্ধ্যার পরই কনকনে ঠান্ডা। এমন সময় বন্ধুদের সাথে আড্ডার মজাটাও অন্যরকম হয়ে ওঠে। ঠিক এমনই এক শীতের সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আজ ঘরে বসে না থেকে একটু বাইরে বের হবো।
সন্ধ্যার পরে আমরা নীলফামারী শহর ছেড়ে কাছাকাছি একটি গ্রামের পরিবেশে চলে গেলাম। শহরের কোলাহল পেছনে ফেলে যখন গ্রামে ঢুকলাম।তখন চারপাশে নীরবতা, ঠান্ডা বাতাস আর খোলা আকাশ। সব মিলিয়ে মনটাই যেন হালকা হয়ে গেল। গ্রামের সেই খোলা জায়গাটায় আমরা ছোট একটা ক্যাম্পফায়ার করার পরিকল্পনা করেছিলাম।
আগুন জ্বালানোর জন্য যেসব জিনিসপত্র দরকার ছিল, সেগুলো আমরা অন্য জায়গা থেকে আগে থেকেই নিয়ে এসেছিলাম। শুকনো বাশ, কিছু কাগজসব জোগাড় করে আগুন ধরানোর চেষ্টা শুরু হলো। প্রথমে আগুন ধরছিল না, কেউ হাওয়া দিচ্ছে, কেউ বাশ সাজাচ্ছে। এই নিয়েই হাসি-ঠাট্টা, মজা-মাস্তি। অবশেষে যখন আগুনটা ঠিকভাবে জ্বলে উঠল, তখন সবার মুখেই একরাশ তৃপ্তির হাসি।
কনকনে শীতের মধ্যে সেই আগুনের তাপ যেন শরীরের সাথে সাথে মনকেও গরম করে দিল। আমরা সবাই আগুন ঘিরে বসে গল্প করছিলাম। পুরোনো স্মৃতি, বর্তমানের হাস্যকর ঘটনা, আর ভবিষ্যতের কিছু না বলা স্বপ্ন। কেউ কেউ আবার আগুনের দিকে তাকিয়ে চুপচাপ বসে ছিল, হয়তো নিজের ভেতরের কথাগুলো ভাবছিল।
ঘন্টাখানেক কেটে গেল টেরই পেলাম না। শীত, আগুন, বন্ধুদের হাসি আর গ্রামের নিরব পরিবেশ,সব মিলিয়ে সময়টা ছিল সত্যিই অমূল্য। এমন মুহূর্ত জীবনে খুব বেশি আসে না। মোবাইলের স্ক্রিন ছেড়ে বাস্তব জীবনের এই ছোট ছোট আনন্দগুলোই হয়তো আমাদের বাঁচিয়ে রাখে। শেষ পর্যন্ত ঠান্ডা আরও বাড়তে থাকায় আমরা আগুন নিভিয়ে আবার নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে মনে হচ্ছিল, শরীরটা ঠান্ডায় জমে গেলেও মনটা ভরে গেছে উষ্ণতায়। এই ছোট্ট ট্রিপটা হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু জীবনের পাতায় এটা একটা সুন্দর স্মৃতি হয়ে রইল।
সবশেষে এটুকুই বলবো। বন্ধু, সময় আর প্রকৃতি।এই তিনটা একসাথে পেলে জীবন নিজে থেকেই সুন্দর হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: শীতের রাতে আগুন 🔥, বন্ধুত্ব আর কিছু অমূল্য মুহূর্ত
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




