সোনাঝুরি হাটের সৌন্দর্য

20251225_150024.jpg

শান্তিনিকেতনের নাম শুনলেই আমাদের প্রথম মনে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। সেই সাথে খোলা প্রকৃতি আর এক অনাবিল শান্তির ছবি। আর সেই শান্তিনিকেতনের বুকে সোনাঝুরি বনের ছায়ায় বসে যে রঙিন গ্রামীণ মেলা বসে সেটাই সোনাঝুরি হাট। প্রতি সপ্তাহান্তে এখানে যেন জীবনের এক আলাদা গল্প খুঁজে পাওয়া যায়। তবে এখানে শুধু বুধবার বাদে বাকি সবদিন হাট বসে। আমি যখন সোনাঝুরি হাটে পৌঁছালাম, তখন চারপাশে শুধু মানুষের কোলাহল আর হাসি-আড্ডায় ভরপুর। অসংখ্য শাল সোনাঝুরি হাটের গাছের ছায়ায় মাটির ওপর পাতা চাদরের উপর সাজানো অসংখ্য ছোট ছোট দোকান যেনো সেখানকার মানুষের কর্মজীবনের আলাদা আলাদা গল্প বলতে থাকে।

এই সোনাঝুরি হাটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র। ছবিতে যেসব দেখতে পাচ্ছেন, তা ছাড়াও রয়েছে হাতে তৈরি মালা, ব্রেসলেট, গলার হার, কাঠ ও মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র। লোকশিল্পের ছোঁয়া থাকা বিভিন্ন পেইন্টিং এবং শিশুদের খেলনা, বাঁশের জিনিস, ছোট বাদ্যযন্ত্র, রঙিন চুড়ি, ক্লিপ, আয়না, চিরুনি ইত্যাদি গ্রামবাংলার শিল্পীদের হাতের কাজ । প্রতিটি জিনিসের মাঝে যেন লুকিয়ে আছে শিল্পীর শ্রম, অনুভূতি আর ঐতিহ্য। এই হাটের সবথেকে ভালো দিক হলো, শিল্পীদের কাছ থেকে সরাসরি জিনিস কেনা যায়।