জয়চন্ডি পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দির
পাহাড় মানেই শুধু প্রকৃতি নয়, পাহাড় মানেই মানুষের একটা আবেগ। আজ জয়চন্ডি পাহাড়ে উঠে সেই অনুভূতিটাই যেন নতুন করে ফিরে পেলাম। নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা সাদা-লাল রঙের মন্দিরটি দূর থেকেই যেনো মন কেড়ে নিয়েছিল। জয়চন্ডি পাহাড় বহুদিন ধরেই স্থানীয় মানুষের কাছে একটি পবিত্র স্থান হয়ে আছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে প্রতিদিনই ভক্তদের আনাগোনা লেগে থাকে। বিশেষ করে উৎসবের দিনে, মন্দির সাজানো থাকে গাঁদা ফুলের মালা, রঙিন পতাকা আর মানুষের ভক্তিতে ভরা কোলাহলে। তবে আরো বেশি আকর্ষণের ব্যাপার হয়ে ওঠে, যখন ৫০০ সিঁড়ি ভেঙে উপরের দিকে ওঠা হয়।
মন্দিরের কাছে পৌঁছাতেই যেনো শরীরের সমস্ত কষ্ট কমে যায়। মন্দিরের সাদা গম্বুজের উপর লাল নকশা আর উপরে উড়তে থাকা গেরুয়া পতাকা, যা হিন্দু ধর্মীয় সংস্কৃতির এক পরিচিত প্রতীক। চারপাশে খোলা আকাশ, হালকা বাতাস আর পাহাড়ি পরিবেশ মিলিয়ে জায়গাটার একটা আলাদা শান্তি আছে। এটা আসলে সেখানে না গেলে ফিল করা যাবে না। এখানে আসলে একটা বিষয় বোঝা যায় যে, ধর্ম শুধু আচার নয়। এটা মানুষের মানসিক শান্তির ঠিকানা। জয়চন্ডি পাহাড় শুধু ভ্রমণের জায়গা নয়। মূলত এই পাহাড়, এই মন্দির আর এই মুহূর্তগুলো যেনো স্মৃতির পাতায় থেকে যাওয়ার মতো।
