রমজানের প্রথম শুক্রবার
ফজিলত আর ভিড়ের মাঝে এক অন্যরকম অনুভূতি। আজ রমজান মাসের প্রথম শুক্রবার। জোহরের নামাজ পড়ে মাত্র মসজিদ থেকে ফিরলাম। মনটা এখনো যেন মসজিদের ভেতরেই পড়ে আছে। সাধারণ শুক্রবারের তুলনায় আজ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো প্রায় চার গুণ বেশি। মসজিদের উঠান, বারান্দা, এমনকি বাইরের রাস্তাও নামাজিদের উপস্থিতিতে ভরে গিয়েছিল। এই দৃশ্যটা দেখেই বুকের ভেতর এক ধরনের প্রশান্তি কাজ করছিল।
রমজান এমনিতেই সংযম, আত্মশুদ্ধি আর আল্লাহর নৈকট্য লাভের মাস। আর শুক্রবার হলো সপ্তাহের সেরা দিন। এই দুইয়ের মিলন যেন আলাদা এক রহমতের বার্তা নিয়ে আসে। আজকের খুতবায় বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছিল রমজান আমাদের শুধু না খেয়ে থাকার শিক্ষা দেয় না, বরং ধৈর্য, সহমর্মিতা আর আত্মনিয়ন্ত্রণ শেখায়। আর শুক্রবার সেই শিক্ষাকে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ করে দেয়।
আজ মসজিদে বসে মনে হচ্ছিল, মানুষ আসলে ভালো হতে চায়। হয়তো প্রতিদিন ব্যস্ততার কারণে সময় পায় না, কিন্তু রমজানের প্রথম শুক্রবারে সবাই যেন নতুন করে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছে। ছোট বড়, ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে, একসাথে আল্লাহর কাছে মাথা নত করছে। এই সমতার দৃশ্যটাই ইসলামকে এত সুন্দর করে তোলে। এই শুক্রবার আমাদের জন্য একটা বার্তা নিয়ে এসেছে এ মাসটাকে যেন আমরা হালকাভাবে না নেই। শুধু প্রথম রোজা বা প্রথম শুক্রবারেই নয়, পুরো রমজানজুড়ে যেন এই ভিড়টা আমাদের আমলের মধ্যেও থাকে। নামাজে, দোয়ায়, মানুষের প্রতি আচরণে।
রমজানের প্রথম শুক্রবার শেষ হয়ে গেল, কিন্তু এর অনুভূতি যদি আমাদের ভেতরে রয়ে যায়, তাহলে সেটাই হবে আজকের দিনের সবচেয়ে বড় অর্জন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পবিত্র মাসের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আমিন।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: রমজানের প্রথম শুক্রবার
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...



