আকাঙ্ক্ষা
গতকাল রাতে পার্শ্ববর্তী এলাকার মুখপরিচিত এক ছোট ভাইকে সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠিয়েছি। প্রতিটি মানুষেরই ইচ্ছা থাকে নিজের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার। আমিও তার ব্যতিক্রম নই।
যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সরাসরি কোনো ইন্টারনেটভিত্তিক উপায় খুঁজে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে সেই ভাইয়ের কাছে বার্তা পাঠিয়েছি। যদিও সেই ভাই এখনো পর্যন্ত বার্তাটি দেখেনি, তবে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। যে বার্তাটি তাকে লিখে পাঠিয়েছি, তা নিচে তুলে ধরলাম।
ভাইয়া,
আমি উত্তরবঙ্গ থেকে বার্তা পাঠিয়েছি। বয়সটা আমাদের খুব কাছাকাছি হবে, এজন্য ‘ভাইয়া’ বলে সম্বোধন করলাম।
আমি আসলে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে ইচ্ছুক। তার কাছে বিশেষ কিছু চাওয়ার নেই, তবে বলার আছে— কিছু কথা, যা একদম সাধারণ মানুষের কাতার থেকে উচ্চারিত।
আসলে তাকেই বার্তা পাঠাতাম, তবে কোনোভাবেই তাকে ফেসবুকে বার্তা পাঠাতে পারিনি। তাই অবশেষে বাধ্য হয়ে আপনাকেই বার্তা পাঠালাম।
অনেকটা মানসিক প্রশান্তির জায়গা থেকে হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা আমার জন্য অতীব জরুরি।
কৃতজ্ঞতা।
