নির্মম উল্লাস
কেউ মরে শান্তি পেতে চায়, আবার কারও মৃত্যুতে কেউ উল্লাসে ফেটে পড়ে। আহা মানুষ! একই অঙ্গে কত রূপ। কত চুলচেরা বিশ্লেষণ, কত খুবলে খাওয়ার ইচ্ছে। মৃত্যুতেও যে শান্তি নেই—তারই প্রমাণ যেন বারবার বুঝিয়ে দিচ্ছো তোমরা।
আজকাল মন খারাপ হতে খুব একটা কারণ লাগে না। বেশি অবাক হয়ে যাই চারপাশের মানুষের কার্যক্রম দেখে। এখন তো চারপাশ বলতে সোশ্যাল মিডিয়াকেই বোঝানো যায়। সবগুলো যেন এই অন্তর্জালের মধ্যেই ঘাপটি মেরে থাকে।
একটি তরুণ প্রাণ হঠাৎ করেই ঝরে গেছে, আর তাতেই মানুষসদৃশ কীটপতঙ্গগুলো যেন নিজেদের আসল চেহারায় ফিরে এসেছে।
দিনশেষে এরা ভুলে যায়—এরা মানুষ। বর্বর, অসভ্য কিংবা অন্ধ—তা যেন বারবার প্রমাণ করে। এরা যেন কীটপতঙ্গের কাতারেই পড়ে; এদের কাজ শুধু বিষ ছড়ানো।
বহুদিন কবিতা লিখি না। গত রাতের পর থেকে কয়েকটি লাইন মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাই নিচে ঢেলে দিলাম—
কেউ মৃত্যু চায় শান্তির আশায়,
কেউ আবার মৃত্যুতেই উৎসব সাজায়।
আহা মানুষ!
একই দেহে কত রূপের বাস—
কখনো বিষাদ, কখনো নির্মম উল্লাস।
