চিন্তার বেড়াজাল।
গত কয়েকদিন ধরেই ভাবছি বাবুর জন্য একটা ইউটিউব চ্যানেল খুলব। কেননা ওর বেশিরভাগ সময় কাটে ইউটিউবে কার্টুন কিংবা বিভিন্ন মজার ভিডিও দেখেই। তাছাড়া প্রযুক্তির প্রতিও ওর বেশ আগ্রহ।
ওর মার মোবাইল কিংবা আমার মোবাইল পেলেই নিজে নিজেই ইউটিউব বা ফেসবুক ব্রাউজ করার চেষ্টা করে। এমনকি মেসেঞ্জারে পরিচিত আত্মীয়-স্বজনদের একাই ফোন করার চেষ্টাও করে।
মজার ব্যাপার হলো, একা একাই ক্যামেরা চালু করে নিজের ছবি তোলে এবং অন্যদের ছবিও তোলার চেষ্টা করে। ভিডিও করার প্রতিও ওর বেশ আগ্রহ। মাঝেমধ্যেই এসব আমাদের দেখায়।
মূলত আমিও কিছুদিন আগে কয়েকজন খুদে ব্লগারের ভিডিও দেখেছিলাম। বাচ্চারাও এখন নিজেদের কর্মকাণ্ড ইউটিউবে শেয়ার করার চেষ্টা করছে। যদিও তাদের পেছনে বড়দের গাইডলাইন থাকে, এটা অপ্রিয় হলেও সত্য।
আমি মনে করি, প্রতিটি খুদে ব্লগারের পেছনেই তাদের পরিবারের যথেষ্ট সমর্থন থাকে। সে দিক থেকে আমার সহযোগিতার কোনো কমতি থাকবে না। আমি শুধু অপেক্ষা করছি ওর কথাগুলো আরও স্পষ্ট হওয়ার জন্য।
হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই বাবুর ইউটিউব চ্যানেল আপনাদের সামনে চলে আসবে। কত কিছু পরিকল্পনা করে রেখেছি, এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা। দেখি কত দূর কী করা যায়।
