ঐতিহ্যবাহী দড়ি তৈরি
Image Created by OpenAI
আমাদের গ্রামীণ জীবনের সঙ্গে এমন অনেক কিছু জড়িয়ে রয়েছে, যেগুলোকে আমরা প্রতিদিনের সাধারণ ব্যবহার্য সামগ্রী হিসেবেই দেখি। অথচ সেই জিনিস গুলোর পেছনে লুকিয়ে থাকে বহু বছরের অভিজ্ঞতা, পরিশ্রম এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা লোকজ জ্ঞান। দড়ি তেমনই একটি সাধারণ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। আজকের দিনে বাজারে বিভিন্ন ধরনের নাইলন, পলিপ্রোপিলিন কিংবা সিন্থেটিক দড়ি সহজেই পাওয়া যায়। কিন্তু একসময় গ্রামের মানুষ নিজেদের প্রয়োজনেই বিভিন্ন গাছপালা ও প্রাকৃতিক তন্তু থেকে হাতে দড়ি তৈরি করতেন। এই কাজের জন্য প্রয়োজন হতো না কোনো আধুনিক যন্ত্রপাতির। প্রয়োজন হতো কাঁচামাল সম্পর্কে জ্ঞান, হাতের দক্ষতা এবং ধৈর্য।
অঞ্চলভেদে দড়ি তৈরির কাঁচামাল ভিন্ন হতে পারে। বাংলার গ্রামীণ সমাজে বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভিদজাত তন্তু ব্যবহার করা হয়েছে। যেমন- পাটের আঁশ, নারকেলের ছোবড়ার তন্তু ইত্যাদি।পাট এবং নারকেলের ছোবড়া থেকে তৈরি দড়ি বিশেষভাবে পরিচিত। পাটের দড়ি তুলনামূলক ভাবে নরম ও নমনীয় হওয়ায় কৃষিকাজ ও গৃহস্থালির নানা কাজে ব্যবহার করা হতো।অন্যদিকে নারকেলের ছোবড়ার তন্তু থেকে তৈরি দড়ি যথেষ্ট শক্ত এবং আর্দ্র পরিবেশেও ব্যবহার করা যায়। ঐতিহ্যবাহী দড়ি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পাক দেওয়া। একগুচ্ছ তন্তু হাতে নিয়ে প্রথমে সেগুলোকে একটি নির্দিষ্ট দিকে পাক দেওয়া হয়। এরপর একাধিক পাকানো তন্তুকে একসঙ্গে নিয়ে বিপরীত দিকে পাক দেওয়া হয়। এই প্রক্রিয়ার ফলে পৃথক পৃথক তন্তু একত্র হয়ে একটি শক্ত দড়িতে পরিণত হয়।
