সময়ের স্রোতে হারিয়ে যাওয়া গ্রামবাংলার পুকুর ও ঘাট
Image Created by OpenAI
গ্রামবাংলার কথা ভাবলেই চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে একটা শান্ত পুকুর, তার ধারে তৈরী করা ঘাট, আর চারপাশে ছায়া দেওয়া গাছপালা। এই পুকুর আর ঘাট শুধু জলাধার ছিল না, এটা আমাদের সামাজিক সম্পর্ক, সংস্কৃতি ও আবেগের একটা নীরব জায়গা ছিল। এক সময় পুকুর ছিল গ্রামের প্রাণকেন্দ্র। সকালে কেউ স্নান করতে আসতো আবার কেউ কলসি ভরে জল নিয়ে যেতো আবার কেউ পুকুর পাড়ে বসে একটু বিশ্রাম নিত। এই ছোট ছোট বিষয়ের মাঝেই মানুষের মধ্যে তৈরি হতো কথা, হাসি, পরিচয় আর বিশ্বাস। পুকুরের জল যেমন সবাই ব্যবহার করতো, তেমনি আবার দায়িত্বও ছিল সবার। অর্থাৎ পুকুর পরিষ্কার রাখা, ঘাট মেরামত ইত্যাদি সবকিছুই হতো সম্মিলিত উদ্যোগে।
ঘাট ছিল এমন এক জায়গা, যেখানে বয়স বা অবস্থানের ভেদাভেদ থাকতো না। বয়স্করা বসে গল্প করতেন, মহিলারাও জল নিতে এসে সেই ফাঁকে কথা বলতেন আবার শিশুরা খেলাধুলাও করতো। এই ঘাটে বসে আবার কিশোররা ভবিষ্যতের স্বপ্ন বুনতো। একটা সাধারণ ঘাটই হয়ে উঠতো মানুষের আবেগ বিনিময়ের জায়গা। অনেক সম্পর্কের শুরু, অনেক ভুল বোঝাবুঝির শেষ ইত্যাদি সবই ঘটতো এই ঘাটে বসে আলাপচারিতার মাধ্যমে। এখন যদিও এইগুলো অতীত, কারণ কালের স্রোতে সবকিছুই হারিয়ে গেছে। কিন্তু এইগুলো একসময় সবার একটা প্রাণকেন্দ্র ছিল।
