গাঁয়ের মেলা
Image Created by OpenAI
শহরের কংক্রিট আর যান্ত্রিক জীবনের বাইরে কোনো উৎসবের মধ্যে সময় কাটালে সবথেকে ভালো হয়। বছরে একবার হলেও গ্রামবাংলা যেন হঠাৎ রঙিন হয়ে ওঠে উৎসবের মধ্যে দিয়ে। আর এটা একমাত্র হয়ে থাকে কোনো পুজোর মাধ্যমে বা মেলার মাধ্যমে। গ্রামের মেলার মধ্যে আলাদা একটা আকর্ষণীয় বিষয় থাকে। মেলায় যে শুধু কেনাবেচা হয়ে থাকে তা কিন্তু নয়। এটা বিশেষ করে গ্রামের মানুষের কাছে একটা স্মৃতি, আবেগ আর লোকজ সংস্কৃতির মিলনমেলা। সাধারণত মাঘ, চৈত্র বা পৌষ মাস এলেই কোনো না কোনো মাঠে মেলার আয়োজনে মুখরিত হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে মানুষ আসে শুধুমাত্র একটু আনন্দের জন্য।
গাঁয়ের মেলার প্রথম আকর্ষণই দিক হলো রঙিন খেলনা। এই বয়সে এসে এইসব দেখলেও যেনো মনটা সেই শৈশবে চলে যায়। বাঁশের বাঁশি, কাঠের ঘোড়া, টিনের ট্রেন, কাগজের পাখা, প্লাস্টিকের পুতুল ইত্যাদি সবকিছুর মধ্যেই যেনো শৈশবের এক অনাবিল আনন্দ খুঁজে পাওয়া যায়। বর্তমানে আজকের শিশুদের হাতে যেখানে মোবাইল আর ভিডিও গেম, সেখানে এই খেলনাগুলো হয়তো খুব সাধারণ। কিন্তু একসময় বাবা/দাদুর হাত ধরে মেলায় এসে একটা কাঠের খেলনা পাওয়া মানেই ছিল বিশাল পাওয়া। সেই আনন্দের মুহূর্তগুলো আজও মনে পড়ে। আগেকার সময়ে বিন বাজিয়ে সাপের খেলা দেখানোরও একটা প্রধান আকর্ষণ ছিল মেলায়।
