ভালোবাসা আর অভ্যাসের পার্থক্য কোথায়?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
ভালোবাসা আর অভ্যাস শব্দদুটো দেখতে একরকম মনে হলেও ভিতরের অর্থ একেবারেই আলাদা। কিন্তু অনেক সময় মানুষ এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না। একটা সম্পর্কের শুরুতে যে অনুভূতি থাকে, সেটা হয় ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা যদি একসময় শুধু রুটিনে পরিণত হয়ে যায়, তখন সেটা হয়ে ওঠে অভ্যাস। আপনি হয়তো প্রতিদিন একটা নির্দিষ্ট সময় কাউকে ফোন করেন, ওর খোঁজ নেন, কথা বলেন। এটা শুরুতে ভালোবাসা থেকে আসে। কিন্তু ধীরে ধীরে সেটা অভ্যাস হয়ে যায়।
আসলে ভালোবাসা মানে হলো অনুভব করা, পাশে থাকাটা অনুভব করানো, গুরুত্ব দেওয়া। ভালোবাসা মানে সব সময় একসাথে থাকার ইচ্ছেটা টিকে থাকা। কিন্তু যখন ভালোবাসা কমে যায়, তখন শুধু নিয়মটা থেকে যায়। কেউ কারো খোঁজ নেয় ঠিকই, কিন্তু সেটা কেমন যেনো মেকানিক্যাল হয়ে যায়। তখন মনে হয়, না করলে কেমন খালি খালি লাগবে কিন্তু সেই খালি লাগাটা ভালোবাসার না, অভ্যাসের।অনেক সময় সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র অভ্যাসের উপর ভর করে। তখন মানুষ ভাবে, আমি তো ওকে ছাড়া কল্পনাও করতে পারি না কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটা ভালোবাসা নাকি শুধুই অভ্যাস? কারো অনুপস্থিতিতে আপনার মনে কষ্ট হলে সেটা ভালোবাসা, কিন্তু শুধু অস্বস্তি লাগলে সেটা অভ্যাস।
ভালোবাসা থাকলে মানুষ চেষ্টা করে সম্পর্কটা আগের মত রাখার। ভালোবাসা থাকলে ছোটখাটো ঝগড়া হলেও মানিয়ে নেয়, একসাথে থাকার ইচ্ছাটা বেশি কাজ করে। কিন্তু অভ্যাসে পরিণত হলে ঝগড়াগুলোতে বিরক্তি আসে, এক সময় হয়তো ইচ্ছেই থাকে না আর বোঝার বা মিটিয়ে ফেলার।সবচেয়ে বড় পার্থক্যটা বোঝা যায় যখন সম্পর্ক ভেঙে যায়। যদি সত্যি ভালোবাসা থেকে থাকে, তাহলে হারানোর কষ্টটা গভীর হয়। কিন্তু যদি শুধু অভ্যাস হয়ে থাকে, তাহলে কিছুদিন খারাপ লাগে, তারপর নতুন অভ্যাস তৈরি হয়ে যায়।
এই জিনিসটা বুঝতে পারাটা অনেক জরুরি। কারণ সম্পর্ক ধরে রাখতে হলে বুঝতে হবে, আমি এখনো ওকে ভালোবাসি, নাকি শুধু ওর সাথে থাকার অভ্যাসটা হয়ে গেছে। অভ্যাস ভাঙা যায়, সময় লাগে, কিন্তু ভালোবাসা থাকলে সেটা সময়ের সাথে আরও গভীর হয়। আপনি যদি এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারেন, তাহলে নিজের জীবন, সম্পর্ক সবকিছুর জায়গা অনেক পরিষ্কার হয়ে যাবে।

